১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দলের ব্যর্থতায় নেতৃত্ব ছাড়বেন না বাটলার

ফের ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইংল্যান্ড অধিনায়ক।

দলের ব্যর্থতায় নেতৃত্ব ছাড়বেন না বাটলার

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 10:56 PM

Updated : 26 Oct 2023, 11:07 PM

হতশ্রী ব্যাটিংয়ে বিশ্বকাপে একের পর এক ম্যাচ হেরে চলেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পর টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায়ের দুয়ারে চলে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে জস বাটলারের অধিনায়কত্ব নিয়েও। তবে নেতৃত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। 

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। আসরে টানা তৃতীয় এবং পাঁচ ম্যাচে তাদের চতুর্থ হার এটি। 

আরেকটি বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে এ দিন তারা গুটিয়ে যায় ১৫৬ রানে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল আউট হয়েছিল ১৭০ রানে, তার আগে আফগানিস্তানের বিপক্ষে ২১৫ রানে। 

বাটলার নিজেও ব্যাট হাতে ছন্দে নেই। এখন পর্যন্ত করতে পারেননি কোনো ফিফটি। পাঁচ ম্যাচে তার রান মোটে ৯৫। 

শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বাটলার। বললেন, এমন পারফরম্যান্সে তারা নিজেরাও হতবাক। এমন সময়ে যে নেতৃত্ব ছাড়বেন না, সেটাও স্পষ্ট বললেন এই ব্যাটসম্যান। 

"একজন অধিনায়ক, একজন নেতা হিসেবে আমার নিজের ওপর অনেক আস্থা ও বিশ্বাস আছে, একজন খেলোয়াড় হিসেবেও তাই।” 

"সবসময় প্রশ্ন করছেন যে, কিভাবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারি এবং দলকে সঠিক পথে নিতে পারি। কিন্তু যদি জিজ্ঞেস করেন যে, আমার এখনও দলের অধিনায়ক থাকা উচিত কি-না, প্রশ্নটা আমার চেয়ে ছেলেদের কাছে করাটা গুরুত্বপূর্ণ।” 

অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ কি-না, এমন প্রশ্নে বাটলারের উত্তর, ‘হ্যাঁ।’ 

গাণিতিকভাবে এখনও সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে ইংল্যান্ডের। এজন্য বাকি চার ম্যাচে অবশ্যই জিততে হবে তাদের। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। 

কাজটা যে খুব কঠিন, তা ভালো করেই জানেন ইংল্যান্ডের গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক বাটলার। 

“মনে হচ্ছে, অলৌকিক কিছুর প্রয়োজন হতে পারে। টুর্নামেন্টে আরও এগিয়ে যেতে আমাদের প্রতিটি ম্যাচে জিততে হবে এবং কিছু বিষয় আমাদের পক্ষে যেতে হবে। আমাদের যে ম্যাচগুলো বাকি আছে, সেখানে আমরা সেই ক্রিকেট খেলতে চাই, যেটা আমরা জানি যে আমরা খেলতে পারি।" 

আগামী রোববার ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত, যারা পাঁচ ম্যাচে সবগুলি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।