টেন্ডুলকারের শতকের রেকর্ড কোহলি কবে ভাঙবেন, ‘জানেন’ গাভাস্কার!
আসছে জন্মদিনে কোহলি নতুন রেকর্ড গড়বেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন সুনিল গাভাস্কার।
বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ভিরাট কোহলি। প্রথম পাঁচ ম্যাচে সেঞ্চুরি করেছেন একটি, দুটিতে অল্পের জন্য পাননি তিন অঙ্কের স্বাদ। ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে তার চাই আর দুটি। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি পূর্বসূরির রেকর্ড ভেঙে দেবেন বলে মনে করেন সুনিল গাভাস্কার।
ভারতের সবশেষ ম্যাচে টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেলার দুয়ারে পৌঁছে গিয়েছিলেন কোহলি। ধারামশালায় নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনি আউট হয়ে যান ৯৫ রানে। তার আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শতক করেন পুনেতে।
২৮৬ ওয়ানডেতে ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের শতক এখন ৪৮টি। ৪৬৩ ম্যাচে ৪৯টি শতক করেছিলেন টেন্ডুলকার।
আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। মজার ব্যাপার, ওই দিন কোহলির বয়স হবে ৩৫ বছর। জন্মদিনেই তিনি শতকের ‘ফিফটি’ করবেন, স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার গাভাস্কার।
“আমি জানি না সে কবে ৪৯তম সেঞ্চুরিটা করবে, তবে রেকর্ড ভাঙা ৫০তম সেঞ্চুরিটা কবে করবে, সেটা জানি। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলি ৫০তম সেঞ্চুরি করবে। তার জন্মদিনের চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে? কলকাতার দর্শকরা এরপর দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাবে, হাততালিতে ভরে যাবে। যে কোনো ব্যাটারের জন্যই আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি হয়ে থাকবে সেটা।”
গাভাস্কারের ভবিষ্যদ্বাণী সত্যি করতে, ভারতের পরের দুই ম্যাচে একটি শতক করতে হবে কোহলিকে। আগামী রোববার লক্ষ্ণৌতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর মুম্বাইয়ে তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচ।
