২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের পাশে ডি কক

কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও এইডেন মারক্রামের ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশ ছাড়ানো পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের পাশে ডি কক

অস্ট্রেলিয়ার বিপক্ষে শতকের পর কুইন্টন ডি কক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 06:37 PM

Updated : 12 Oct 2023, 06:44 PM

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগে কুইন্টন ডি ককের সবশেষ ওয়ানডে সেঞ্চুরি ছিল ২০ মাস ও ১৮ ইনিংস আগে। বিশ্ব মঞ্চে দুই আসর মিলে ১৭ ইনিংসে তার ছিল না কোনো শতক। সেই তিনিই এবার তিন অঙ্কের দেখা পেলেন টানা দুই ম্যাচে!

দক্ষিণ আফ্রিকার হয়ে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে এই কীর্তি এতদিন ছিল কেবল এবি ডি ভিলিয়ার্সের। ২০১১ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ রানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি করেন ১৩৪ রান।

এবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রানের পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ডি কক। যেখানে ৫টি ছক্কার পাশে চার ৮টি।

প্রথম ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া এইডেন মারক্রাম এবার করেছেন ৪৪ বলে ৫৬। টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফিকা ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৩১১ রান।

লক্ষ্ণৌতে এ দিন টেম্বা বাভুমার সঙ্গে ১১৮ বলে ১০৮ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকাকে দারুণ সূচনা এনে দেন ডি কক। যেখানে বাভুমার অবদান কেবল ৩৫।

দারুণ সব শটের পসরা মেলে তিনি ফিফটি স্পর্শ করেন ৫১ বলে। ৯০ বলে পা রাখেন তিন অঙ্কে। বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষণা আগেই দেওয়া ৩০ বছর বয়সী ব্যাটসম্যান খানিক পরই গ্লেন ম্যাক্সওয়েলকে রিভার্স খেলার চেষ্টায় বোল্ড হয়ে থামেন।

তৃতীয় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ১৯৯৯ আসরে লিডসে হার্শেল গিবস ১০১ ও ২০১৯ সালে ম্যানচেস্টারে ফাফ দু প্লেসি ১০০ রান করেছিলেন।

এই সংস্করণে সব মিলিয়ে ডি ককের শতক হলো ১৯টি।

ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে তার চেয়ে বেশি শতক আছে কেবল হাশিম আমলার, ২৭টি। ১৮ শতক নিয়ে তালিকায় তিনে নেমে গেছেন গিবস।