২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছন্দে থাকায় বেশি সুযোগ দিতেই মিরাজকে ওপরে খেলানো’

বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকে টানা ওপরের দিকে খেলানোর ব্যাখ্যা দিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 09:28 PM

Updated : 23 Oct 2023, 10:18 PM

সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারে একরকম নতুন শুরু পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিতই তাকে ওপরের দিকে ব্যাটিংয়ে নামাচ্ছে বাংলাদেশ। যে কারণে পুরো ব্যাটিং অর্ডারে করতে হচ্ছে অদলবদল। এতে মিরাজ কিছুটা সফল হলেও অন্যদের ব্যাটে নেই স্বাভাবিক ছন্দ। তাই প্রশ্ন উঠছে মিরাজের প্রমোশন নিয়ে। দলের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন সাকিব আল হাসান।

গত মাসে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ‘মেকশিফট’ ওপেনার হিসেবে নামানো হয় মিরাজকে। ক্যারিয়ারে স্রেফ দ্বিতীয়বার ইনিংস সূচনা করতে নেমে তিনি খেলেন অপরাজিত ১১২ রানের ইনিংস। 

এরপর থেকে এশিয়া কাপের পরবর্তী সব ম্যাচ ও বিশ্বকাপে এখন চার ম্যাচে আর নিচের দিকে নামতে হয়নি মিরাজকে। তাকে পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবে গণ্য করে টপ-মিডল অর্ডারেই নামাচ্ছে দল। 

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন নম্বরে নেমে ৫৭ রানের ইনিংস খেলে আস্থার প্রতিদান দেন মিরাজ। ওই ম্যাচে বল হাতেও ৩ উইকেট নিয়ে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। 

পরের তিন ম্যাচে দলের মতো মিরাজের পারফরম্যান্সও নিম্নমুখী। ৩-৪-৫ নম্বরের মধ্যে নেমে তেমন ভালো কিছু করতে পারেননি তিনি। 

মিরাজকে একেক দিন একেক জায়গায় নামানোয় কখনও নাজমুল হোসেন শান্ত, কখনও আবার তাওহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডার বদলে যায়। যা সার্বিকভাবে দলের পারফরম্যান্সেও হয়তো ফেলছে নেতিবাচক প্রভাব। 

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কাজ চালানোর মতো ওপেনার বা টপ-অর্ডার ব্যাটসম্যান থেকে নিয়মিতভাবেই কেন ওপরে খেলানো হচ্ছে মিরাজকে? সোমবার অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে এর উত্তর দেন অধিনায়ক সাকিব।

“আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপে ওপেনিংয়ে নেমে (মিরাজ) যখন একশ করল, তখন থেকেই আমাদের পরিকল্পনা ছিল, আফগানিস্তানের সঙ্গে ও আবার ওপরের দিকে ব্যাটিং করবে। ইংল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচেও ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবেই আপনার একজন ব্যাটসম্যান যখন ছন্দে আছে, তখন আপনি চেষ্টা করবেন তাকে যত বেশি সুযোগ দেওয়া যায়। সেই চিন্তা থেকেই ওকে ওপরে ব্যাটিং করানো।” 

ছন্দে থাকায় মিরাজকে ওপরের দিকে বিবেচনা করায় বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলা মাহমুদউল্লাহকে নামতে হচ্ছে সাত-আট নম্বরে। অভিষেকের পর থেকে পাঁচ নম্বরে আলোড়ন তোলা হৃদয়কে প্রথম তিন ম্যাচে পাঠানো হয় সাত নম্বরে।

তবে নিচের দিকে মাহমুদউল্লাহ এখন পর্যন্ত তুলনামূলক সফল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪১ রানের পর ভারতের বিপক্ষে তিনি করেন ৩৬ বলে ৪৬ রান। এছাড়া ছয় নম্বরে খেলা মুশফিকুর রহিমও আছেন ভালো ছন্দে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে তাই উঠছে নিচের দিকে ছন্দে ব্যাটসম্যানদের ওপরে খেলানোর প্রসঙ্গও। এর বিপরীতে দলের ভাবনা তুলে ধরেন সাকিব।

“আমাদের যারা ভালো ব্যাটসম্যান, তারা হয়তো পরের দিকে ব্যাটিং করছে, আমরা ভাবছি। আমার কাছেও সেটা মনে হয়, একটু পরের দিকে হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি একটু উল্টোভাবে চিন্তা করি, ধরেন তারা ওপরে এলো। কেউ কি গ্যারান্টি দিতে পারবে তারা রান করবে। যদি তারা না করে, তখন কী মনে হবে? তারা আগের জায়গায়ই ভালো ছিল। এগুলো আসলে অনেক অনেক কঠিন, ট্রিকি। সিদ্ধান্তটা আমাদের নিতে হয়। কখনও সফল হই, কখনও ব্যর্থ হই।” 

ব্যাটিং অর্ডারে নিচের দিকে পাঠানো হলেও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে সন্তুষ্টির কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক।

“আমার যেটা মনে হয়, (তারা) পরের দিকে ব্যাটিং করলেও, আমাদের প্রতিটা ম্যাচেই ২৮০-২৯০ করার সুযোগ ছিল। ইংল্যান্ড বলেন, ভারত ম্যাচে বলেন, নিউজিল্যান্ড বলেন। আপনি যদি তিনটা ম্যাচেই দেখেন, (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই ছাড়া আর তো কোন ব্যাটসম্যান তো ছিল না, যে শেষ পর্যন্ত খেলেছে। এটা নিয়ে খুব বেশি যে সমালোচনা করতে পারবেন, আমার কাছে মনে হয় সেটা ঠিক না।” 

“রিয়াদ ভাইকে যেই দায়িত্বটা দেওয়া সেটা তিনি খুব ভালোভাবে পালন করছে। সেদিক থেকে আমরা খুশি। আমরা যদি তাকে ওপরে নিয়ে আসি, তাকে যদি তার দায়িত্ব থেকে বাইরে নিয়ে আসি এবং তখন তিনি যদি পারফর্ম করতে না পারেন, তারও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। আপনারাও এটা নিয়ে কথা বলবেন।”