‘অদ্ভুত প্রশ্ন’ ও ওপেনিং জুটি নিয়ে মধুর সমস্যা
ওপেনিং নিয়ে আপাতত দুর্ভাবনা নেই, বরং কাকে রেখে কাকে খেলানো হবে, সেই মধুর সঙ্কটের কথা বললেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে।
প্রশ্নটি শুনে কয়েক মুহূর্ত থমকে রইলেন চান্দিকা হাথুরুসিংহে। মনের ভাবনা ফুটিয়ে তুললেন মুখেও, ‘অদ্ভুত এক প্রশ্ন এটি…।’ তামিম ইকবালকে জড়িয়ে ওই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতাই খুঁজে পেলেন না বাংলাদেশ কোচ। বরং দেশের সফলতম ওপেনার না থাকলেও ওপেনিং নিয়ে স্বস্তির কথাই বললেন হাথুরুসিংহে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে ঘিরে তিনি জানালেন ওপেনিং নিয়ে ভিন্ন এক পরিকল্পনাও।
তামিমকে নিয়ে প্রশ্নটি ছিল ফজলহক ফারুকির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তার চরম ব্যর্থতা নিয়ে। আফগানিস্তানের এই বাঁহাতি পেসারের বিপক্ষে চার ম্যাচ খেলে চারবারই আউট হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার। ব্যাটিং গড় স্রেফ ১১। বিশ্বকাপ দলে তামিম নেই। ফারুকির সামনে তাই দ্রুত উইকেট হারানোর শঙ্কাও কম। এটা কি দলের জন্য স্বস্তির? ধারামশালায় হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে করা হলো এরকমই একটি প্রশ্ন।
হাথুরুসিংহের উত্তরেই স্পষ্ট ফুটে উঠল, প্রশ্নটি খুব একটা ভালো লাগেনি তার।
“অদ্ভুত প্রশ্ন এটা… এখানে যে নেই, তার ব্যাপারে জিজ্ঞাসা কেন হচ্ছে… জানি না, কোন ধরনের স্বস্তি এখানে থাকতে পারে…। তবে ফারুকি ভালো বোলার, তার মুখোমুখি যে-ই হোক না কেন। গত বছর দুয়েক ধরেই সে আফগানিস্তানের হয়ে ভালো করছে। যারাই উইকেটে যাবে, তাকে প্রাপ্য সমীহ করবে।”
এখানে স্বস্তির কিছু খুঁজে না পেলেও ওপেনিং নিয়ে অবশ্য বড় স্বস্তির কথাই বললেন হাথুরুসিংহে। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা ও দুর্ভাবনার জায়গা ছিল উদ্বোধনী ব্যাটসম্যানদের নিয়েই। ১৫ জনের স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার স্রেফ দুইজন। তাদের একজন লিটন কুমার দাস এই বছর খুব ভালো ছন্দে নেই ওয়ানডেতে। আরেকজন তানজিদ হাসান খেলেছেন স্রেফ চারটি ওয়ানডে ইনিংস, কোনোটিতেই স্পর্শ করতে পারেননি ১৬ রানের বেশি।
তবে বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে শঙ্কার মেঘ আপাতত উড়ে গেছে অনেকটাই। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন ও তানজিদ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভয়ডরহীন ব্যাটিংয়ে আরেকবার নিজের প্রতিভার জানান দিয়েছেন তানজিদ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে শনিবার এই দুজনের ওপেন করাটা তাই নিশ্চিতই হওয়ার কথা। তবে প্রতিপক্ষ আফগানিস্তান বলেই ভিন্ন ভাবনার অবকাশ থাকছে। মুজিব-উর-রহমানের রহস্য স্পিনের সামনে বাঁহাতি তানজিদকে শুরুতেই ঠেলে দেওয়া উচিত হবে কি না, এই দোলাচল থাকাটা অস্বাভাবিক নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার, উপযুক্ত একজন বিকল্প তো এই ম্যাচের জন্য আছেই!
মাসখানেক আগেই আফগানদের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ওপেন করে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপের স্কোয়াডে ‘ব্যাক আপ’ ওপেনার হিসেবে ভাবনায় রাখা হয়েছিল তাকেই। গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচে মিরাজও দারুণ ব্যাটিং করেছেন তিন ও চার নম্বরে নেমে। আফগানদের বিপক্ষে আরেকবার তাকে ওপেনিংয়ে নামিয়ে দেওয়ার সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যায় না একদমই।
সিদ্ধান্তটি তাই শেষ পর্যন্ত হতে পারে কৌশলগত দিক থেকে। তবে মধুর এই সমস্যা হাথুরুসিংহে উপভোগই করছেন বলে মনে হলো। অবশ্য শুক্রবার ধারামশালায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ শোনালেন আরেকটি কৌতূহল জাগানিয়া ভাবনার কথাও। দলের আগে ব্যাট করা কিংবা পরে ব্যাট করার ওপরও নির্ভর করবে, ওপেন করবেন কোন দুজন।
“আমাদের বেশ কজন বিকল্প আছে। কালকে সকালে সিদ্ধান্তটি চূড়ান্ত করার জন্য ভালো অবস্থায় আছি আমরা। কালকে সকালে আমরা দেখব, আগে ব্যাটিং করলে কাদেরকে কাজে লাগানো যায় কিংবা পরে ব্যাটিং করলে কোন দুজন একসঙ্গে নামবে।”
