৮৯ রানে অলআউট হয়ে উদ্বিগ্ন গাম্ভির
আগামী বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে কিছুটা মিল থাকায় নিউ জিল্যান্ডে দলের ব্যাটিং ধস ভাবাচ্ছে ভারতের প্রধান কোচকে।
তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় দল একশর আগে গুটিয়ে গেলে স্বাভাবিকভাবেই ভাঁজ পড়বে যেকোনো কোচের কপালে। ব্যতিক্রম নন গৌতাম গাম্ভিরও। বিশেষ করে, আগামী বিশ্বকাপের কন্ডিশনের কথা ভেবে নিউ জিল্যান্ডে ব্যাটিং ধস নিয়ে আরও বেশি চিন্তিত ভারতের প্রধান কোচ।
মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার কিউইদের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ২৪৪ রানে হারে ভারত। ৩৩৩ রান তাড়ায় স্রেফ ৮৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বেশি ব্যবধানে কেবল একটি ম্যাচ হেরেছে ভারত। ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শারজাহতে ২৪৫ রানে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, ভারতকে ভাবাচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতা। সিরিজের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতেও ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় ১১১ রানে ৭ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে যায় তারা। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে অল্পের জন্য জয় পায় ভারত।
ম্যাট হেনরির ক্যারিয়ার সেরা বোলিংয়ে চতুর্থ ম্যাচে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং। ম্যাচ শেষে দলের এমন হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গাম্ভির।
“নব্বই রানের আশেপাশে আউট হওয়া সবসময়ই উদ্বেগের। আমি কেন হবো না? অবশ্যই আমি উদ্বিগ্ন। কারণ, এই কন্ডিশন অনেকটাই আগামী বিশ্বকাপে আমরা যে ধরনের উইকেট পেতে পারি, সেটার কাছাকাছি।”
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এই তিন দেশে ব্যাট ও বলের লড়াই বেশি জমবে বলে মনে করছেন ভারতের সাবেক ওপেনার গাম্ভির।
“ভারতে খেললে আপনারা সবাই জানেন, বোলারদের জন্য তেমন কিছুই থাকে না। কিন্তু এই ধরনের কন্ডিশনে এলে বোঝা যায়, ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হয়।
“আমার মনে হয়, বড় উদ্বেগের বিষয় রান নয়, বরং আমরা কত দ্রুত অলআউট হয়ে গেছি। আশা করি, যত দ্রুত সম্ভব এই সমস্যা শুধরে নিতে পারব।”
সিরিজ জয়ের সুযোগ না থাকলেও রোববার একই মাঠে শেষ ওয়ানডেতে জিতলে সিরিজ ২-২ সমতায় শেষ করতে পারবে নিউ জিল্যান্ড। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তৃতীয় ম্যাচটি।
