পান্ডিয়ার ফেরার অপেক্ষা বাড়ল আরও
প্রথম রাউন্ডের শেষ ম্যাচের আগে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত।
বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটে একের পর এক ম্যাচ বাইরে বসে কাটাতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। এরই মধ্যে দুই ম্যাচ খেলতে না পারা পেস বোলিং অলরাউন্ডারকে আরও অন্তত দুই ম্যাচে পাচ্ছে না ভারত।
পান্ডিয়ার চোটের সবশেষ অবস্থার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত হয়েছে, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হবে না পান্ডিয়ার।
পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পান্ডিয়া। প্রাথমিক শুশ্রূষা নিয়ে বোলিংয়ের জন্য উঠে দাঁড়ান তিনি। কিন্তু ব্যথার তীব্রতায় মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
ওই চোটের কারণে পুনে থেকে দলের সঙ্গে ধারামশালায় যাননি পান্ডিয়া। বরং বেঙ্গালোরে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। তখন বিসিসিআই জানায়, ইংল্যান্ড ম্যাচের আগে সরাসরি লক্ষ্ণৌতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
অ্যাঙ্কেলের লিগামেন্টে পাওয়া চোটের অবস্থার তেমন উন্নতি না ঘটায় দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি পান্ডিয়ার। এখনও বেঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলছে ৩০ বছর বয়সী অলরাউন্ডারের পুনর্বাসন প্রক্রিয়া।
লক্ষ্ণৌতে রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ভারতের বোলিং কোচ পারাস মামব্রে বলেন, দুই-এক দিনের মধ্যে পান্ডিয়ার ব্যাপারে পরিষ্কার তথ্য জানতে পারবেন তারা। তবে সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে জানানো হয়নি।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ দিয়ে ফিরতে পারেন পান্ডিয়া। এর আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবে না ভারত।
পান্ডিয়ার শূন্যস্থান পূরণে ব্যাটিংয়ে সুযোগ দেওয়া হয় সুরিয়াকুমার ইয়াদাভকে। বোলিং বিভাগে শার্দুল ঠাকুরকে বসিয়ে আনা হয় মোহাম্মদ শামিকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ রান করে আউট হন সুরিয়াকুমার। তবে ৫ উইকেট নিয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেন শামি। পরে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সুরিয়াকুমার। বল হাতে শামি ধরেন ৪ শিকার।
ছয় ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। মুম্বাইয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
