জন্মদিনে ৪৯ নম্বর শতকে টেন্ডুলকারের পাশে কোহলি
ওয়ানডেতে সাচিন টেন্ডুলকারের সবচেয়ে বেশি শতকের রেকর্ড স্পর্শ করলেন ভিরাট কোহলি।
পেসার কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বল কাভারের দিকে খেলেই দ্রুত একটি রান নিলেন ভিরাট কোহলি। ৯৯ থেকে তিনি পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঘরে। জন্মদিনে সেরা উপহারটা যেন নিজেই নিজেকে দিলেন ভারতীয় তারকা!
এই শতক কোহলির জন্য বিশেষ। ওয়ানডেতে কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের সবচেয়ে বেশি শতকের রেকর্ড স্পর্শ করলেন তিনি। এই সংস্করণে দুজনেরই শতক এখন ৪৯টি করে। ৩১ শতক নিয়ে অনেক পেছনে থেকে তিনে ভারতেরই রোহিত শার্মা।
নিজের ৩৫তম জন্মদিনে রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে ৫০ হাজার দর্শকের সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এলো কোহলির ৪৯ নম্বর শতক।
টেন্ডুলকার ৪৯ শতক করেছিলেন ৪৫২ ইনিংসে। কোহলি পূর্বসূরিকে ছুঁয়ে ফেললেন ২৭৭ ইনিংসেই।
গত তিন ম্যাচের মধ্যে দুটিতে ৯৫ ও ৮৮ রানে আউট হওয়ার পর অবশেষে চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতকের দেখা পেলেন তিনি।
কোহলি এ দিন ক্রিজে যান ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিতের বিদায়ের পর। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১৩৪ রানের জুটির পথে ফিফটি করেন তিনি ৬৭ বলে।
শতকে পা রাখেন ৪৯তম ওভারে, ১১৯ বল খেলে, যা ওয়ানডেতে তার সবচেয়ে বেশি বলে শতক। ২০১৫ সালে অ্যাডিলেইডে পাকিস্তানের বিপক্ষে, ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিন অঙ্ক ছুঁতে ১১৯ বল লেগেছিল।
শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থাকেন ১২১ বলে ১০ চারে ১০১ রানে। টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত ৫০ ওভারে ৫ উইকেটে করে ৩২৬ রান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি কোহলির পঞ্চম শতক, প্রোটিয়াদের বিপক্ষে টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে যা সর্বোচ্চ।
এ দিন দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের মাটিতে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি। প্রথমজন অনুমিতভাবে টেন্ডুলকার (৬ হাজার ৯৭৬)।
