২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি-বাবর-রিজওয়ান

জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন শাহিন শাহ আফ্রিদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 09:54 PM

Updated : 04 Apr 2023, 09:54 PM

দীর্ঘ চার মাস পর জাতীয় দলে ফিরলেন শাহিন শাহ আফ্রিদি। নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের দলে অভিজ্ঞ এই পেসারকে রেখেছে পাকিস্তান। আফগানিস্তান সিরিজে বিশ্রাম পাওয়া অধিনায়ক বাবর আজম ও কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো হয়েছে।

আসছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করে পাকিস্তান। দুই সংস্করণের স্কোয়াডেই রয়েছেন ১৬ জন করে। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তিন জনকে।

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পান আফ্রিদি। পুনর্বাসন শেষে গত অক্টোবর-নভেম্বরের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন তিনি। কিন্তু ফাইনালে আবারও হাঁটুতে আঘাত পান আফ্রিদি। ইংল্যান্ডের রান তাড়ায় ষোড়শ ওভারে মাঠ ছাড়েন তিনি ২.১ ওভার করে। ম্যাচটি ৫ উইকেটে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে পাকিস্তানের।

এরপর সুস্থ হয়ে ২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাঠে ফেরেন আফ্রিদি। তার নেতৃত্বে সবশেষ দুই আসরে শিরোপা ঘরে তোলে লাহোর কালান্দার্স।

পিএসএলের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর ও রিজওয়ানকে বিশ্রাম দেয় পাকিস্তান। ঘরের মাঠে সিরিজটি ২-১ ব্যবধানে হারে দলটি। কিউইদের বিপক্ষে অনুমিতভাবেই ফিরলেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার।

আফগানিস্তান সিরিজে সুযোগ পাওয়া ইহসানউল্লাহ, সাইম আইয়ুব ও জামান খান ধরে রেখেছেন টি-টোয়েন্টিতে জায়গা। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন পেসার ইহসানউল্লাহ।

আগামী ১৪ এপ্রিল লাহোরে শুরু পাকিস্তান-নিউ জিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলো যথাক্রমে ১৫, ১৭, ২০ ও ২৪ এপ্রিল। ওয়ানডে পাঁচটি মাঠে গড়াবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ৩, ৫ ও ৭ মে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জামান খান।

পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহাইল, ইহসানউল্লাহ, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আঘা, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসামা মির।

রিজার্ভ: আব্বাস আফ্রিদি, আরবার আহমেদ ও তাইয়াব তাহির