২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের পাকিস্তান দলে ফিরলেন ফাহিম

গত জানুয়ারিতে ওয়ানডের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া শান মাসুদ বাদ পড়েছেন দল থেকে।

আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের পাকিস্তান দলে ফিরলেন ফাহিম

ফাহিম আশরাফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 07:24 PM

Updated : 09 Aug 2023, 07:34 PM

দুই বছরের বেশি সময় পর ওয়ানডে ম্যাচ খেলার হাতছানি ফাহিম আশরাফের সামনে। আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন পাকিস্তানের এই পেস বোলিং অলরাউন্ডার। গত জানুয়ারিতে ওয়ানডের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া শান মাসুদ বাদ পড়েছেন দল থেকে।

কদিন আগে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়া ইনজামাম-উল-হকের ঘোষিত প্রথম দল এটি। শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও এশিয়া কাপের জন্য লাহোরে বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করেন তিনি।

টেস্ট ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সে ওয়ানডে দলে ফিরেছেন সাউদ শাকিল। তবে শুধু আফগান সিরিজের জন্য দলে রাখা হয়েছে তাকে। এশিয়া কাপে দল নেমে আসবে ১৭ জনে।

ফিরেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিডল-অর্ডার ব্যাটসম্যান তৈয়ব তাহিরও। গত জানুয়ারিতে প্রথমবার এই সংস্করণের দলে ডাক পান তিনি নিউ জিল্যান্ডের বিপক্ষে। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ সেবার পাননি।

গত মে মাসে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে মাসুদের সঙ্গে আরও বাদ পড়েছেন হারিস সোহাইল ও ইহসানউল্লাহ।

সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা ফাহিম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের জুলাইয়ে, ইংল্যান্ড সফরে। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩১ ওয়ানডে খেলে ২৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২১৮ রান করেছেন তিনি।

শাকিল পাঁচ ওয়ানডের সবশেষটি খেলেছেন গত বছরের মার্চে, লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত মাসে শ্রীলঙ্কা সফরে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২২ অগাস্ট, হাম্বানতোতায়। একই মাঠে ২৪ অগাস্ট দ্বিতীয় ম্যাচ এবং কলম্বোয় ২৬ অগাস্ট হবে তৃতীয়টি।

ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৩০ অগাস্ট, মুলতানে নেপালের বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। খেলা হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়।

পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, সাউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, তাইয়ুব তাহির, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।