২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ওয়ানডে সিরিজে পান্তকে পাচ্ছে না ভারত

টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এ কিপার-ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 12:50 PM

Updated : 04 Dec 2022, 12:50 PM

বাংলাদেশ সফরে চোটাক্রান্তদের তালিকায় যুক্ত হলো ভারতের আরও এক ক্রিকেটারের নাম। প্রথম ওয়ানডের আগে ছিটকে গেলেন রিশাভ পান্ত। আগ্রাসী এই কিপার-ব্যাটসম্যান খেলতে পারবেন না পুরো সিরিজই। তার জায়গায় কোনো বদলি খেলোয়াড়কে নেয়নি ভারত। 

ম্যাচ শুরুর আগে রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে পান্তের চোটের খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ঠিক কোন ধরনের চোট, তা নির্দিষ্ট করে বলেনি তারা। টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এ কিপার-ব্যাটসম্যান।  

“বিসিসিআইয়ের চিকিৎসা বিভাগের সঙ্গে পরামর্শের পর রিশাভ পান্তকে ওয়ানডে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। টেস্ট সিরিজের আগে দলে যোগ দেবেন তিনি। কোনো বদলি খেলোয়াড় চাওয়া হয়নি।” 

পান্তের অনুপস্থিতিতে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের দায়িত্ব থাকবে লোকেশ রাহুলের। এছাড়া এ ম্যাচের একাদশের বিবেচনায় বাঁহাতি স্পিন অলরাউন্ডার আকসার প্যাটেলকে রাখা হয়নি বলে জানানো হয় টুইটে। তার না থাকার কারণও পরিষ্কার করা হয়নি।   

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে ভারত। এই ম্যাচে অভিষেক হয়েছে ২৬ বছর বয়সী ডানহাতি পেসার কুলদিপ সেনের।  

এ সফরে ভারতের চোট পাওয়াদের তালিকায় আগেই ছিলেন রবীন্দ্র জাদেজা, যশ দয়াল ও মোহাম্মদ শামি। এই তিনজনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ, কুলদিপ সেন ও উমরান মালিক।