২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে নতুন মুখ হুরাইরা, টেস্টে ফিরলেন আফ্রিদি

প্রায় এক বছর পর সাদা পোশাকে খেলার হাতছানি শাহিন শাহ আফ্রিদির সামনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 04:54 PM

Updated : 17 Jun 2023, 04:54 PM

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক আলো ছড়ানোর পুরস্কার পেলেন মুহাম্মদ হুরাইরা। পাকিস্তান দলে প্রথমবারের মতো ডাক পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। লম্বা সময় পর টেস্ট দলে ফিরলেন শাহিন শাহ আফ্রিদি। 

শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজের জন্য শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। সাদা পোশাকের দলে প্রথমবার ডাক পেয়েছেন অলরাউন্ডার আমির জামালও। 

গত ডিসেম্বর-জানুয়ারিতে সবশেষ টেস্ট সিরিজ খেলে পাকিস্তান, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহনাওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ ও কামরান গুলাম। 

২০২১ সালের কায়েদ-ই-আজম ট্রফিতে নর্দার্নের হয়ে ১৯ বছর বয়সে প্রথম শ্রেণি ক্রিকেটে পথচলা শুরু করেন হুরাইরা। অভিষেক আসরেই ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে সর্বোচ্চ ৯৮৬ রান করে আলোচনায় আসেন তিনি। প্রতিযোগিতাটির পরের আসরেও উজ্জ্বল ছিলেন হুরাইরা, ৪ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেন ১ হাজার ২৪ রান, সেবারও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। 

২০২১ সালে ৩১১ রানের ইনিংস খেলে দারুণ এক কীর্তিও গড়েন হুরাইরা। জাভেদ মিয়াঁদাদের পর পাকিস্তানের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন তিনি। 

সব মিলিয়ে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৮.২৪ গড়ে হুরাইরার রান ২ হাজার ২৫২। শোয়েব মালিকের ‘হাফ-ব্রাদারের’ ছেলে হুরাইরার নামের পাশে আছে ৮টি করে সেঞ্চুরি ও ফিফটি। 

টেস্ট দলের আরেক নতুন মুখ জামাল অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। গত বছর পাকিস্তানের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। এখন পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা জামালের রান ২ ফিফটিতে ৫৫৮; পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ৬৪টি। 

অভিজ্ঞ পেসার আফ্রিদির সামনে প্রায় এক বছর পর টেস্ট খেলার হাতছানি। ২০২২ সালের জুলাইয়ে সবশেষ এই সংস্করণে মাঠে নামেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টেই হাঁটুর চোটে পড়েন এই পেসার। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরলেও আবার ব্যথা পান ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে। 

সেরে উঠে চলতি বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগ দিয়ে ফের মাঠে নামেন আফ্রিদি। তার নেতৃত্বে টানা দ্বিতীয়বার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে লাহোর কালান্দার্স। পরে এপ্রিল-মে মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেন তিনি। এখন খেলছেন টি-টোয়েন্টি ব্লাস্টে। 

অনেক দিন পর টেস্ট দলে ফেরার উচ্ছ্বাস ২৩ বছর বয়সী আফ্রিদির কণ্ঠে। 

“এক বছর পর পাকিস্তান টেস্ট দলে ফিরতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। টেস্ট ক্রিকেটকে অনেক বেশি মিস করেছি। এই সংস্করণ থেকে দূরে থাকা আমার জন্য কঠিন ছিল।” 

শ্রীলঙ্কার বিপক্ষে আসছে লড়াইয়ের জন্য চার জন করে স্পিনার ও পেসার দলে রেখেছে পাকিস্তান। বিশেষজ্ঞ ব্যাটসম্যান আছেন ৬ জন। কিপার-ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ান ও সরফরাজ আহমেদকে। 

দল ঘোষণার দিন মর্নে মর্কেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারের সঙ্গে ৬ মাসের চুক্তি করেছে তারা। 

সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ। আগামী ৯ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে পাকিস্তান দলের। সিরিজের সূচি এখনও প্রকাশ করা হয়নি। 

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, আঘা সালমান, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।