২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল বলের ছোঁয়া পাওয়াই আইরিশদের জন্য বিরল

আয়ারল্যান্ডে এখন ঘরোয়া কোনো প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট নেই, দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেট খেলেন না দলের বেশির ভাগ সদস্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 09:04 PM

Updated : 04 Apr 2023, 01:05 AM

‘সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ কবে খেলেছিলেন, মনে আছে?’, সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে ক্ষনিকের জন্য ভাবনায় ডুব দিলেন অ্যান্ড্রু বালবার্নি। স্মৃতি হাতড়ে উত্তরটা খুঁজে পেলেন আইরিশ অধিনায়ক, “২০২১ সালে, গ্ল্যামরগনের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলাম…।” সেবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন তিনি। তবে সেই সৌভাগ্য তো সবার হয় না। আয়ারল্যান্ডের টেস্ট দলের বেশ কয়েকজন সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন আরও আগে। কেউ কেউ তো একদমই খেলেননি!

২০১৭ সালের জুনে আইসিসির পূর্ণ সদস্যপদ পেলেও আয়ারল্যান্ড এখনও পর্যন্ত বলা যায় টেস্ট পরিবারে একরকম অতিথি হয়েই আছে। এই প্রায় ৬ বছরে স্রেফ ৩টি টেস্ট খেলতে পেরেছে তারা। মিরপুরে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলতে নামবে তারা প্রায় ৪ বছরের বিরতির পর!

সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে তারা ২০১৯ সালের জুলাইয়ে। লর্ডসে সেই টেস্টে তারা প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দিয়ে বড় চমক উপহার দেয়। শেষ ইনিংসে ১৮২ রানের লক্ষ্য ছিল তাদের ঐতিহাসিক এক জয়ের জন্য। কিন্তু সেই চ্যালেঞ্জে তারা গুটিয়ে যায় মাত্র ৩৮ রানে। এরপর কোভিড মহামারি, আইরিশ বোর্ডের দুর্বল আর্থিক ভিত্তি আর নানা পারিপার্শ্বিকতা মিলিয়ে আর টেস্ট খেলা হয়নি তাদের।

সেই টেস্টের একাদশ থেকে এবার মিরপুর টেস্টের একাদশে ৭টি পরিবর্তন অন্তত নিশ্চিত। কারণ, ৭ জন এবার স্কোয়াডেই নেই। অন্তত ৫ জনের টেস্ট অভিষেকও নিশ্চিত। গোটা স্কোয়াডে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে যে কেবল ৬ জনের!

আগের ৩টি টেস্টই খেলতে পেরেছেন এই দলের কেবল বালবার্নি।

আগের তিন টেস্টে নেতৃত্ব দেওয়া উইলিয়াম পোর্টারফিল্ড চলে গেছেন অবসরে। প্রথমবার দেশের ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামবেন বালবার্নি।

সময়ের প্রবাহে সেই পরিবর্তনগুলোর কথা উঠে এলো বালবার্নির কণ্ঠেও। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বললেন, এই টেস্টে তারা স্রেফ উপভোগ করতে চান।

“অনেক কিছুই হয়ে গেছে (এই চার বছরে)। মহামারির ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের। অনেক পরিবর্তন হয়েছে। অনেক ক্রিকেটার চলে গেছে, অনেকে এসেছে। ২০১৯ সাল ছিল আইরিশদের জন্য স্মরণীয় সময় (ইংল্যান্ডে টেস্ট খেলতে পারা)। তবে এবারও স্মরণীয় উপলক্ষ। বড় একটি ক্রিকেট জাতি, শীর্ষ এক দলের সঙ্গে খেলব আমরা।”

“অনেক বড় দল এখানে এসে বিপাকে পড়েছে। দলের জন্য আমাদের বার্তা হলো, মাঠে নেমে ভয়ডরহীন খেলা এবং নিজেদের মেলে ধরা। একটিই টেস্ট ম্যাচ, আমরা তাই উপভোগ করতে চাই।”

সমস্যা হলো, শুধু টেস্ট ম্যাচের কমতিই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতার ঘাটতিও তাদের প্রবল। অধিনায়ক বালবার্নি লাল বলে সবশেষ খেলেছেন দুই বছর আগে। এই দলের ৬ জন সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাংলাদেশেই। ২০২১ সালে তারা সফরে এসেছিলেন আইরিশদের ‘এ’ দলের হয়ে।

দেশের বাইরে যারা খেলতে পারেন না, তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ অভিজ্ঞতা সেই ২০১৯ সালের। কারণ, ওই বছরের পর আয়ারল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো টুর্নামেন্টই হয়নি!

সেই বাস্তবতার কথা উঠে এলো বালবার্নির কণ্ঠে। বাংলাদেশ সফরের পরপরই শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে আইরিশরা। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের প্রয়োজনীয়তা তাই অনুভব করছেন তিনি।

“আমরা লাল বলের ক্রিকেটে এখন কোনো খেলাই খেলছি না। কোভিডের পর থেকে আমাদের মূল মনোযোগ ছিল সাদা বলে। সেটাও যৌক্তিকই ছিল। সূচিতে কোনো টেস্ট ছিল না। এখন যেহেতু আবার টেস্ট ক্রিকেট আসছে সামনে, লাল বলে মনোযোগ দিতে হবে আমাদের।”

“খেলাটার অনেক মৌলিক কিছু প্রথম শ্রেণির ক্রিকেটেই শিখতে হয়। আমাদের ছেলেরা সাদা বলে খেলে বেড়ে ওঠে। তবে বছরে যদি চার-পাঁচটি টেস্ট খেলতে চাই, তাহলে দেশে প্রথম শ্রেণির ক্রিকেটের অবকাঠামো থাকতে হবে, যেখানে খেলে ছেলেরা লম্বা সময় খেলায় অভ্যস্ত হয়ে উঠবে।”

এই দলের তিনজন ক্রিকেটার এখনও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকই হয়নি। ৫০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে স্রেফ তিন জনের। তবে তারা সবাই খেলেছেন মূলত দেশের বাইরে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলা গ্রাহাম হিউম ৯৮ ম্যাচে নিয়েছেন ৩১১ উইকেট। মিরপুরে টেস্টে অভিষেক হওয়ার জোর সম্ভাবনা আছে ৩২ বছর বয়সী পেসারের।

জর্জ ডকরেল খেলেছেন ৬০টি প্রথম শ্রেণির ম্যাচ। এর মধ্যে ৩০টিই কাউন্টি ক্রিকেটে সমারসেট ও সাসেক্সের হয়ে। পিটার মুর খেলেছেন ৭০টি ম্যাচ, সবকটিই জিম্বাবুয়ের ক্রিকেটে।

এই দলের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটারও মুর। জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট খেলে এখন তিনি পরিচয় বদলে হয়ে গেছেন আইরিশ। ৩২ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান সবশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন মিরপুরেই, ক্যারিয়ার সেরা ৮৩ রানের ইনিংসটিও খেলেছিলেন সেই টেস্টেই।

মুরের অভিজ্ঞতায় তাই ভরসা রাখছেন বালবার্নি। শুধু এই টেস্টে নয়, সামনে শ্রীলঙ্কা সফরেও তার কাছে ভালো কিছুর আশা অধিনায়কের।

“তার অভিজ্ঞতা অনেক। ৮টি টেস্ট ম্যাচ খেলেছে, আমাদের যে কারও চেয়ে দ্বিগুনেরও বেশি। প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ কিছু ম্যাচ খেলেছে। জিম্বাবুয়ের হয়ে এই মাঠেও খেলেছে, তাই যথেষ্ট ধারণা তার আছে। তরুণদের সঙ্গেও সে দারুণ মানিয়ে নিয়েছে। আগামী দুই-তিন সপ্তাহে আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হবে সে।”