২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ভারতীয় ব্যাটসম্যানের চোখে আইপিএলের পরই পিএসএল

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টির দ্বিতীয় সেরা লিগ হওয়ার সম্ভাবনা দেখছেন আকাশ চোপড়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 04:17 PM

Updated : 13 Feb 2023, 06:54 PM

আইপিএলকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বলে একবাক্যে মেনে নেন প্রায় সবাই। বিতর্ক চলে দ্বিতীয় সেরা নিয়ে। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, আইপিএলের পরের স্থানটি পাকিস্তান সুপার লিগের (পিএসএল)।

বিশ্ব জুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ছড়াছড়ি। এ বছর সেখানে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্ট দুটির উদ্বোধনী আসর শেষ হয় রোববার।

ক্রিকেটীয় লড়াই, উচ্ছ্বাস-উদ্দীপনা, মাঠে দর্শকদের উপস্থিতি; সব কিছু মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বেশ মনে ধরেছে আকাশের। সোমবার এক টুইটে ভারতের সাবেক এই ব্যাটসম্যান লিখেছেন, পিএসএলকে সরিয়ে দ্বিতীয় সেরা লিগ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এসএটোয়েন্টির।  

Image

আকাশ চোপড়া।

“এসএটোয়েন্টি চমৎকার একটি ক্রিকেটীয় আসর ছিল…দর্শকে পরিপূর্ণ ছিল। ভালো ক্রিকেট হলো। আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হওয়ার সম্ভাবনা আছে এই টুর্নামেন্টের।”

“এই মুহূর্তে আমার মনে হয়, দ্বিতীয় সেরা পিএসএল। ঘটনাক্রমে যেটা আজ শুরু হচ্ছে। বিগ ব্যাশ-সিপিএল এর পরে।”

এসএটোয়েন্টির উদ্বোধনী আসরের শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারায় তারা।

বিদেশি ক্রিকেটারদের অনেকের কাছে বিশ্বের সেরা লিগগুলোর একটি পিএসএল। বিশেষ করে এই টুর্নামেন্টের উচ্চমানের বোলিংয়ের কারণে।

পিএসএলের অষ্টম আসর শুরু হচ্ছে সোমবার। প্রথম দিনে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও রানার্স আপ মুলতান সুলতান্স।