আবার ‘একই সময়ে’ আইপিএল ও পিএসএল
পিএসএলের দ্বাদশ আসর শুরু ও শেষের দিনক্ষণ ঘোষণা করেছে পিসিবি।
আইপিএলের সঙ্গে সূচির সংঘাত এবারও এড়াতে পারেনি পিএসএল। টানা তৃতীয়বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
পিএসএলের দ্বাদশ আসর শুরু ও শেষের দিনক্ষণ বৃহস্পতিবার ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৭ সালের ১৮ মার্চ শুরু হয়ে ২ মে শেষ হবে টুর্নামেন্টটি। পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করা হয়নি।
২০২৭ সালের আইপিএলের সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রতিযোগিতাটির ২০তম আসর আগামী বছরের মার্চের মাঝামাঝি শুরু হতে পারে। গত আসর শুরু হয়েছিল মার্চের শেষ দিকে।
২০১৬ সালে শুরু হওয়ার পর ২০২৪ সাল পর্যন্ত ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত হয় পিএসএল। তবে আইসিসির টুর্নামেন্টের কারণে গত দুই আসর এপ্রিল-মে মাসের উইন্ডোতে সরিয়ে নেওয়া হয় প্রতিযোগিতাটি। গত বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এবছর একই সময়ে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।
গত মাসে গভর্নিং কাউন্সিলের সভায় পিএসএলের পরের আসর জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের সম্ভাবনা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করে পিসিবি। কিন্তু রমজানের ঠিক আগে টুর্নামেন্ট আয়োজনে আয় কমে যাওয়ার শঙ্কার কথা ভেবে তখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। গত দুটি পিএসএল হয়েছিল রমজানের পরে।
ক্রিকইনফোর খবর, পিসিবি নাকি পরে ই-মেইলের মাধ্যমে আটটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের পছন্দের সময় জানতে চায়। সংখ্যাগরিষ্ঠ ফ্র্যাঞ্চাইজিই মার্চ থেকে মে মাসের সময়ের পক্ষে ভোট দেয়।
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু নিয়ে কিছু বলা হয়নি। ২০২০ সালে পুরো পিএসএল পাকিস্তানে আয়োজন শুরু হওয়ার পর থেকে মূলত করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতেই ম্যাচ হয়েছে। এর আগে প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতো।
গত আসরে ফায়সালাবাদ ও পেশাওয়ারকে নতুন দুই ভেন্যু হিসেবে যুক্ত করেছিল পিসিবি। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ার পর, সরকারের জ্বালানি সংরক্ষণমূলক পদক্ষেপের কারণে শেষ পর্যন্ত শুধু লাহোর ও করাচিতে হয় পিএসএলের ম্যাচ। ফাইনাল ছাড়া সেই আসরের সব ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
