তিন সংস্করণে ভারতের শীর্ষে থাকার খবরটি ‘ভুল’
ভারত নয়, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়াই।
আইসিসি ওয়েবসাইটের একটি ভুলের সূত্র ধরে ছড়িয়ে পড়ে খবর। মাত্র দ্বিতীয় দল হিসেবে একই সময়ে তিন সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যম এই খবর প্রকাশ করে। তবে পরবর্তীতে আইসিসির সাইটে ভুল সংশোধন করে নেওয়া হয়েছে।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে এখনও আছে অস্ট্রেলিয়াই। ২৯ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ১২৬। সিরিজের প্রথম টেস্টে তাদের ইনিংস ব্যবধানে হারানো ভারত আছে দুই নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১১৫।
১১ পয়েন্টে এগিয়ে থাকায় আপাতত নিরাপদ জায়গাতেই আছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চূড়ায় থাকা ভারতের সামনে সুযোগ আছে ব্যবধান কমিয়ে আনার।
তাই আপাতত অক্ষতই থাকছে দক্ষিণ আফ্রিকার অনন্য অর্জন। একমাত্র দল হিসেবে তিন সংস্করণে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার কীর্তি তাদেরই।
