কুমিল্লার নেতৃত্বে লিটন, খুলনার এনামুল
প্রথমবারের মতো ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কায়েসের জায়গায় কিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাসকে নেতৃত্বে এনেছে টুর্নামেন্টের সফলতম দলটি। খুলনা টাইগার্সের অধিনায়কত্ব পেয়েছেন এনামুল হক।
আগামী শুক্রবার পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। এর তিন দিন আগে অধিনায়কের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি দুটি। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে কোনো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন ও এনামুল।
গত দুই আসরে ইমরুলের নেতৃত্বে শিরোপা জিতেছিল কুমিল্লা। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে এবার নিলাম থেকে দলে টেনেছে চারবারের চ্যাম্পিয়নরা। তবে ইমরুল থাকলেও বিভিন্ন সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটনের ওপরই আস্থা রাখছে তারা।
বিপিএলে কুমিল্লার হয়েই সবচেয়ে বেশি ম্যাচ খেলছেন লিটন। দুই মৌসুম বাইরে কাটিয়ে আসার পর হয়ে উঠেছেন দলের নিয়মিতদের একজন। স্টাইলিশ এই ব্যাটসম্যানকে এবারও ধরে রেখেছে তারা। এবার তার কাঁধেই তুলে দিল নেতৃত্বের ভার।
এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৫৫ ম্যাচে খেলে লিটনের রান ১ হাজার ৩৬। ফিফটি আছে পাঁচটি, সর্বোচ্চ ৭০। স্টাম্পের পেছনেও বেশ সফল। ধরেছেন ২৭টি ক্যাচ, স্টাম্পিং করেছেন ১৭টি।
এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে একটি, রাজশাহী রয়্যালসের হয়ে ১৫টি এবং সিলেট সিক্সার্সের জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন লিটন। সব মিলিয়ে বিপিএলে ৮১ ম্যাচ খেলে তার রান ২২.৭৫ গড়ে ১ হাজার ৬৮৪। ফিফটি ৯টি, স্ট্রাইক রেট ১২৬.৯৯।
গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেন এনামুল। ১৩ ম্যাচে এক ফিফটিতে ২৮০ রান করেন ২৩.৩৩ গড়ে। এবার টপ অর্ডার এই ব্যাটসম্যানের সঙ্গে সরাসরি চুক্তি করে খুলনা। এই দুই ফ্র্যাঞ্চাইজি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
সব মিলিয়ে, বিপিএলে এখন পর্যন্ত ১০৭ ম্যাচ খেলেছেন এনামুল। ২২.২১ গড় ও ১১৭.৬৩ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৮ রান। টুর্নামেন্টে ২ হাজার রান করা ৬ ক্রিকেটারের একজন তিনি, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ষষ্ঠ স্থানে।
বিপিএলে অধিনায়ক হিসেবে লিটনের পথচলা শুরু হবে প্রথম দিনই। কুমিল্লা ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। পর দিন নেতৃত্বে অভিষেক হবে এনামুলের। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা।
