২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডকে হারানোর স্বস্তি নিয়ে ‘পারফেক্ট’ ম্যাচের অপেক্ষায় ব্রুক

স্কটল্যান্ডকে হারাতে পেরেই উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক, ইতালির বিপক্ষে খেলতে চান নিজেদের সেরা ক্রিকেট।

স্কটল্যান্ডকে হারানোর স্বস্তি নিয়ে ‘পারফেক্ট’ ম্যাচের অপেক্ষায় ব্রুক
হ্যারি ব্রুক অপেক্ষায় আছেন দলের জ্বলে ওঠার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 12:19 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

স্কটল্যান্ডের বিপক্ষে জয় তো খুবই প্রত্যাশিত। তবে নেপালের বিপক্ষে কোনোরকমে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ইংল্যান্ড ছিল বিপাকে। স্কটিশদের বিপক্ষে রান তাড়াও খুব মসৃণ হয়নি। এই ম্যাচটি জিততে পেরেই তাই উচ্ছ্বসিত হ্যারি ব্রুক। ইংল্যান্ড অধিনায়কের আশা, দ্রুতই সেরা পারফরম্যান্স মেলে ধরবে তার দল।

স্কটল্যান্ডের বিপক্ষে শনিবার ১৫৩ রান তাড়ায় প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। পরে জ্যাকব বেথেল ও টম ব্যান্টন জুটি গড়লেও নবম ও দশম ওভারে বিদায় নেন বেথেল ও ব্রুক। তাতে আবার জেগে ওঠে শঙ্কা। তবে শেষ পর্যন্ত ব্যান্টনের ৬৩ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটের জায় পায় ইংলিশরা।

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে হারের দুয়ার থেকে শেষ পর্যন্ত ৪ রানে জিততে পারলেও পরের ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৩০ রানে হেরে যায় ইংলিশরা। স্কটিশদের বিপক্ষে তেমন কিছু না হওয়াতেই স্বস্তি পাচ্ছেন ব্রুক। পাশপাশি তিনি আশা নিয়ে তাকিয়ে সামনে।

“আমি স্রেফ খুশি যে আজকে আমরা উতরে যেতে পেরেছি। এখনও পর্যন্ত ‘পারফেক্ট’ ম্যাচটি খেলতে পারিনি আমরা। কিছুটা জড়তা ও অস্বস্তি আছে এখনও। আশা করি, ইতালির বিপক্ষে ম্যাচটি সহজ হবে এবং সেরা খেলাটা আমরা খেলতে পারব, যেভাবে সবাই আমাদেরকে চেনে ও দেখতে ভালোবাসে। আশা করি দেশে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারব ও গ্রুপ পর্যায় পার হতে পারব।”

সেরা চেহারা কেন মেলে ধরতে পারছে না দল, জানা নেই ব্রুকের। ইতালির বিপক্ষে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর আশার কথা শোনালেন আবার।

“সত্যি বলতে, নিজেও নিশ্চিত নই। তবে এখনও পর্যন্ত নিজেদে শক্তির জায়গাটা মেলে ধরতে পারিনি আমরা। আশা করি, সেটা করতে পারব। অবশ্যই অতি দ্রুত চূড়ায় উঠতে চাই না আমরা, তবে অবশ্যই গ্রুপ পর্যায় ভালোভাবে পার হতে চাই, এরপর দেখব। আশা করি, ইতালির বিপক্ষে ম্যাচ দিয়েই আমাদের উত্থানের শুরু হবে।”

কলকাতায় ইতালির বিপক্ষে লড়বেন ব্রুকরা সোমবার রাতে।