১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেই হৃদয়ভাঙা হার নিয়ে ‘কখনোই আলোচনা হয়নি’ দক্ষিণ আফ্রিকা দলে

‘সত্যি বলতে সেই ম্যাচের পর আমরা ভুলেই গিয়েছিলাম’, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে হার নিয়ে বললেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

সেই হৃদয়ভাঙা হার নিয়ে ‘কখনোই আলোচনা হয়নি’ দক্ষিণ আফ্রিকা দলে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অভাবনীয়ভাবে হারের পর হতাশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 08:59 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও যখন মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত, তখন ঘুরে-ফিরে আসছে বিশ্ব মঞ্চে দল দুটির সবশেষ লড়াইয়ের প্রসঙ্গ। ২০২৪ আসরের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে প্রোটিয়াদের স্বপ্ন ভেঙে শিরোপা জিতেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান কুইন্টন ডি কক বললেন, ওই পরাজয় নিয়ে পরে কখনোই তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।

ব্রিজটাউনের ওই ম্যাচে জয়ের জন্য ৬ উইকেট হাতে নিয়ে শেষ ৩০ বলে ৩০ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় তারা।

সেদিন ৩১ বল ৩৯ রান করা ডি কক শনিবার সংবাদ সম্মেলনে বললেন, ম্যাচটি নিয়ে আর কথা বলেননি তারা।

“সত্যি বলতে, সেই ম্যাচের পর আমরা ভুলেই গিয়েছিলাম। আমরা কেউই এটা নিয়ে কথা বলতে চাইনি। আমরা বাড়ি ফিরে যাই এবং কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, তা নিয়ে আমাদের নিজস্ব প্রক্রিয়াগুলো দেখে নিই। এটুকুই। সত্যি বলতে, আমরা কখনোই এটা নিয়ে কথা বলিনি।”

ওই ফাইনালের পর এই সংস্করণে আরও আটবার দেখা হয়েছে এই দুই দলের। যার ছয়টিতে জিতেছে ভারত, দুটিতে দক্ষিণ আফ্রিকা।  

দল দুটি সবশেষ মুখোমুখি হয়েছিল গত ডিসেম্বরে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একই মাঠে রোববার আবার মুখোমুখি হচ্ছে তারা। এবার বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে।

আবার ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

আবার ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা

৩৩ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান ডি কক বললেন, এই লড়াইয়ে যে কেউ জিততে পারে। 

“আমি মনে করি বিশ্বকাপের প্রকৃতি হলো এখানে ফেভারিট বলে কিছু থাকে না। যেকোনো মুহূর্তে, যে কেউ হঠাৎ করেই একটা ম্যাচে জিততে পারে। এটাই আসল কথা, সবকিছু দ্রুত পরিবর্তন হয়, বিশ্বকাপে, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে। মাত্র একজন খেলোয়াড় দুই থেকে তিন ওভারের মধ্যে ম্যাচ বদলে দিতে পারে।”

“আমার মনে হয়, বেশ ভালো একটি ম্যাচ হতে চলেছে। কারণ, গত দুই মাস ধরে আমরা একে অপরের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। আর সত্যি বলতে, কোনো দলেই খুব বেশি পরিবর্তন হয়নি।” 

গত আসরের দুই ফাইনালিস্টের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।