১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতীয়দের সমর্থনের ভেলায় ভেসে লক্ষ্যে পৌঁছানোর আশায় নিউ জিল্যান্ড

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদেরকে ভারতীয়দের দ্বিতীয় পছন্দের দল মনে করছেন ড্যারিল মিচেলরা।

ভারতীয়দের সমর্থনের ভেলায় ভেসে লক্ষ্যে পৌঁছানোর আশায় নিউ জিল্যান্ড
গ্যালারিতে নিউ জিল্যান্ডের সমর্থকরা। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 06:50 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দের প্রচুর সমর্থন পাচ্ছে নিউ জিল্যান্ড। নিজেদেরকে ভারতীয় সমর্থকদের দ্বিতীয় পছন্দের দল মনে করছে তারা। কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল বলেছেন, সেই সমর্থনকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান তারা।

বিশ ওভারের বিশ্বকাপের গত আসরে গ্রুপ পর্বই পার করতে পারেনি নিউ জিল্যান্ড। এবার নিজের গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের সুপার এইটের প্রথম ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে। তাই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি কিউইদের জন্য একরকম বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

সুপার এইট পর্বের তিন ম্যাচই নিউ জিল্যান্ড খেলবে শ্রীলঙ্কায়। সেখানেও দর্শকদের সমর্থন পাওয়ার আশা ছাড়ছেন না মিচেল। বার্তা সংস্থা রয়টার্সকে আলাদা করে ভারতীয়দের সমর্থনের কথা বলেন তিনি।

“আমরা নিজেদেরকে ভারতীয়দের দ্বিতীয় পছন্দের দল মনে করি। আর এই দেশে আমরা যে সমর্থন পাই তা সত্যিই দারুণ।”

“আশা করি, ভারতের বিপক্ষে খেললে যে নীল সমুদ্র দেখা যায়, সেটাকে আমাদের পক্ষে আনতে পারব এবং কিছু কালো জার্সিও দেখতে পাব।”

আগামী বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইট পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।

বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউ জিল্যান্ড। ২০২৫ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কায় খেলেছিল তারা ওয়ানডে সিরিজ।

মিচেল বললেন, উপমহাদেশে বিগত সময়ে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগছে তাদের। 

“নিউ জিল্যান্ডের গতিময়, বাউন্সি ও ঘাসের উইকেটে খেলে আমরা বেড়ে উঠেছি। বছরের পর বছর বিশ্বের এই প্রান্তের কন্ডিশনে খেলার মাধ্যমে আমাদের দল যে অভিজ্ঞতা অর্জন করেছে, আমার মনে হয়, কীভাবে খেলতে চাই সেখানে এটা সাহায্য করেছে।”

সবার মতো নিউ জিল্যান্ডেরও লক্ষ্য শিরোপা জয়। তবে মিচেল বললেন, অতো দূরে তাকাচ্ছেন তারা। একটি করে ম্যাচ ধরে এগোচ্ছে ২০২১ আসরের রানার্স আপ দলটি।

“লক্ষ্য অর্জন করতে পারলে এবং ট্রফি জিততে পারা তো অবশ্যই দারুণ ব্যাপার হবে। তবে তার আগে আমাদের অনেক ক্রিকেট খেলতে হবে।”

“তাই আমাদের শক্তি হলো, আমরা বর্তমানে থাকি। খুব বেশি দূর ভাবি না এবং বিষয়টা যেমন তার চেয়ে বেশি বড় করে দেখি না।”