২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পবেলকে ছাড়িয়ে ওমান ওপেনারের রেকর্ড

সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার রেকর্ড এখন আমির কালিমের।

ক্যাম্পবেলকে ছাড়িয়ে ওমান ওপেনারের রেকর্ড
আউট হয়ে মাঠ ছাড়ছেন আমির কালিম। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 09:16 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

বিশ্বকাপে প্রথম ম্যাচটা ব্যাট হাতে ভালো কাটেনি আমির কালিমের। তবে এই ম্যাচে মাঠে নেমেই একটি রেকর্ডে নাম উঠে গেছে তার। সবচেয়ে বেশি বয়য়ে টি-টোয়েন্টির বিশ্ব আসরে খেলার রেকর্ড এখন ওমানের এই ওপেনারের।

কলম্বোয় সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ১০৩ রানে গুটিয়ে, ৮ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ওমান। একটি চারে সাত বলে পাঁচ রান করেন কালিম।

৪৪ বছর ৮১ দিন বয়সে ম্যাচটি খেলতে নামেন তিনি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড এতদিন ছিল রায়ান ক্যাম্পবেলের। ২০১৬ আসরে হংকংয়ের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাঠে নেমেছিলেন ৪৪ বছর ৩৪ দিন বয়সে।

ক্যাম্পবেলের জন্ম অস্ট্রেলিয়ায়। ২০০২ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অস্ট্রেলিয়ার হয়েই। ওই বছর দুটি ওয়ানডে খেলার পর, আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাননি তিনি।    

২০১২ সালে তিনি পাড়ি জমান হংকংয়ে, সেখানে খেলেন ঘরোয়া ক্রিকেটে। পরে তাকে ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেয় হংকং। সেই আসরে তিনি ম্যাচ খেলেন তিনটি। তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারও ওই তিন ম্যাচেরই।

সবচেয়ে বেশি বয়সে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলির। ২০২৫ সালের মার্চে পরপর তিন দিনে তিনটি ম্যাচ খেলেন তিনি, সবশেষটিতে তার বয়স ছিল ৬২ বছর ১৪৭ দিন।