আরেকটি বড় হারে শ্রীলঙ্কার বিদায়, আশায় রইল নিউ জিল্যান্ড
ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ হলো সহ-আয়োজকদের পথচলা।
টানা তিন জয়ে আসরে দারুণ শুরুর পর, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হোঁচট খাওয়া শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারল না। ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকদের।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার ৬১ রানে হেরেছে দাসুন শানাকার দল। নিউ জিল্যান্ডের ১৬৮ রান তাড়ায় স্বাগতিকরা থেমেছে মাত্র ১০৭ রানে।
চমৎকার বোলিংয়ে নিউ জিল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছেন রাচিন রাভিন্দ্রা ও ম্যাট হেনরি।
এর আগে ত্রয়োদশ ওভারে ৮৪ রানে ৬ উইকেট হারানো দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনকি। সপ্তম উইকেটে ৪৭ বলে ৮৪ রানের রেকর্ড জুটিতে তারাই দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম উইকেটে এটাই সেরা জুটি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। পাওয়ার প্লেতে তারা হারায় দুই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের উইকেট।
তৃতীয় উইকেটে দলকে কিছুটা টানের রাভিন্দ্রা ও গ্লেন ফিলিপস। তবে কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি।
১৮ বলে ১৮ রান করে দুশমন্থা চামিরার বলে বোল্ড হন ফিলিপস। ২২ বলে ৩২ রান করে বিদায় নেন রাভিন্দ্রা।
এরপর ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান দ্রুত বিদায় নিলে মহাবিপদে পড়ে নিউ জিল্যান্ড। সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক স্যান্টনার ও ম্যাককনকি।
শুরুতে কয়েক ওভার সাবধানী ব্যাটিং করেন তারা। পরে যখন পাল্টা আক্রমণ শুরু করেন, তখন যেন দিশা হারিয়ে ফেলেন স্বাগতিক বোলাররা। শেষ দিকে তো বল ফেলার জায়গাই পাচ্ছিলেন না তারা।
ইনিংসের শেষ বলে স্যান্টনারের বিদায়ে ভাঙে জুটি। তিনি চার ছক্কা ও দুই চারে ৪৭ রান করেন। ২৩ বলে দুই ছক্কা ও তিন চারে ৩১ রানে অপরাজিত থাকেন ম্যাককনকি।
শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও চামিরা।
রান তাড়ায় শ্রীলঙ্কার দিক হারানোর শুরু প্রথম বলেই। হেনরির চমৎকার ডেলিভারিতে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান পাথুম নিসাঙ্কা। ছন্দে থাকা ওপেনারকে শুরুতেই হারানোর পর, আর কক্ষপথে ফিরতে পারেনি স্বাগতিকরা।
স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ২২ বলে ১১ রান করে রাভিন্দ্রার বলে স্টাম্পড হন আরেক ওপেনার কুসাল মেন্ডিস। পরের বলে স্টাম্পড হন পাভান রাত্নায়েকে!
একটি চার মেরেই হেনরির বলে ক্যাচ দেন চারিথ আসালাঙ্কা।
মিডল অর্ডারে আবার ছোবল দেন রাভিন্দ্রা। শানাকা ও দুশান হেমান্থাকে বিদায় করে স্বাগতিকদের ব্যাটিংয়ের মেরদণ্ড ভেঙে দেন এই স্পিনার।
৫৯ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা পরে কামিন্দু মেন্ডিস ও দুনিথ ওয়েলালাগের ব্যাটে কিছুটা কমায় ব্যবধান।
দুই ওভারে স্রেফ তিন রান দিয়ে দুই উইকেট নেন পেসার হেনরি। রাভিন্দ্রা চার ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট। ব্যাটে-বলে অবদান রেখে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চূড়ায় আছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউ জিল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান।
টানা দুই ম্যাচ হারা শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭ (সাইফার্ট ৮, অ্যালেন ২৩, রাভিন্দ্রা ৩২, ফিলিপ ১৮, মিচেল ৩, চ্যাপম্যান ০, স্যান্টনার ৪৭, ম্যাককনকি ৩১*; মাদুশানকা ৩-০-৩৪-০, ওয়েলালাগে ৪-০-২৭-১, চামিরা ৪-০-৩৮-৩, হেমান্থা ২-০-২২-০, আসালাঙ্কা ৩-০-১৬-০)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১০৭/৮ (নিসাঙ্কা ০, কুসাল মেন্ডিস ১১, আসালাঙ্কা ৫, রাত্নায়েকে ১০, কামিন্দু মেন্ডিস ৩১, শানাকা ৩, হেমান্থা ৩, ওয়েলালাগে ২৯, চামিরা ৭*, থিকশানা ১*; হেনরি ২-১-৩-২, ম্যাকনকি ৩-০-২০-০, স্যান্টনার ৪-০-১৯-১, ফার্গুসন ১-০-২-০, সোধি ২-০-১৩-০, রাভিন্দ্রা ৪-০-২৭-৪, ফিলিপ ৪-০-২১-১)
ফল: নিউ জিল্যান্ড ৬১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাচিন রাভিন্দ্রা
