‘বাটলারকে নিজের মতো থাকতে দেওয়া উচিত’
দুঃসময়ের বলয় ছিড়ে জস বাটলার সেমি-ফাইনালে জ্বলে উঠবে বলে মনে করেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।
দুঃস্বপ্নের প্রহর কাটিয়ে স্বাভাবিকতায় ফিরতে পারেননি জস বাটলার। তবে তার ওপর থেকে আস্থাও হারাননি হ্যারি ব্রুক। ইংল্যান্ডের অধিনায়কের মতে, সমালোচনায় বিদ্ধ করা করে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে একটু নিজের মতো করে স্বস্তিতে থাকতে দেওয়া উচিত।
সুপার এইট পর্বের শেষ ম্যাচের আগেও একই ধরনের কথা বলেছিলেন ব্রুক। কিন্তু সেই ম্যাচের সবচেয়ে খারাপ করেছেন বাটলার। নিউ জিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন শূন্য রানে।
সেটি ছিল বাটলারের টানা পঞ্চম ইনিংস, যেখানে ছুঁতে পারেননি দু অঙ্ক। এবারের বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে ৪৭ রান করেছিলেন তিনি। পরের ৫ ইনিংন মিলিয়ে তার রান ১৫!
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসের সফলতম ব্যাটসম্যান, অনেকের চোখেই যিনি সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ইংলিশ ব্যাটসম্যান, সেই বাটলার এবারের বিশ্বকাপে রানের তালিকায় আছেন এখন ৯৬ নম্বরে। ৭ ইনিংসে রান করেছেন ৮.৮৫ গড়ে ৬২।
তবে তার ওপর ভরসার কমতি নেই ব্রুকের। স্কাই স্পোর্টসকে ইংলিশ অধিনায়ক বললেন, বাটলার এই জ্বলে উঠলেন বলে।
“আমার মনে হয়, জসকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে এবং আমি দেখতে পাচ্ছি, সে ভালো করতে যাচ্ছে (সেমি-ফাইনালে)।”
সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুম্বাইয়ে ইংল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে। এমনিতে ভারতকে এড়াতে চাওয়ারই কথা প্রতিপক্ষ দলগুলির। চলতি বিশ্বকাপে সুরিয়াকুমার ইয়াদাভের দল এখনও পর্যন্ত চেনা অপ্রতিরোধ্য চেহারায় নেই বটে। তবে সেই রূপে আবির্ভূত হতে পারে তো যে কোনো সময়ই। এছাড়া ঘরের মাঠে দর্শকদের তুমুল সমর্থনও উজ্জীবিত করবে দলকে। ইংল্যান্ডের পরীক্ষা তাই কঠিন।
তবে ব্রুক বললেন, তার অনেক সতীর্থ এই চ্যালেঞ্জ পেতেই মুখিয়ে ছিল।
“আমরা সবাই দারুণ রোমাঞ্চিত। ছেলেদের বেশ কয়েকজনের কাছ থেকেই শুনতে পেয়েছি, ওরা ভারতের সঙ্গেই খেলতে চাইছিল। বিরাট এক উপলক্ষ হতে যাচ্ছে এটি, দুই দলের জন্য প্রচণ্ড চাপেরও।”
“ভারতের সঙ্গে অবশ্যই প্রবল সমর্থন থাকবে এবং আমি নিশ্চিত, আমাদের পাশে খুব বেশি কাউকে পাব না। মাঠে গর্জন থাকবে প্রচণ্ড। তবে আশা করি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।”
