২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের ব্যাটিং গুঁড়িয়ে যুক্তরাষ্ট্রের রেকর্ডগড়া জয়

মুকামালা ও রাঞ্জানের ঝড়ো ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে যেকোনো সংস্করণে প্রথমবার নেদারল্যান্ডসের বিপক্ষে জিতল যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডসের ব্যাটিং গুঁড়িয়ে যুক্তরাষ্ট্রের রেকর্ডগড়া জয়
দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হারমিত সিং (বাঁয়ে)। ছবি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 11:00 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে সুর বেঁধে দিলেন সাইতেজা মুকামালা। ঝড়ো ব্যাটিংয়ে দলকে দুইশর কাছাকাছি নিয়ে গেলেন শুভাম রাঞ্জানে। রান তাড়ায় লড়াই জমাতেই পারল না নেদারল্যান্ডস। বোলারদের দারুণ বোলিংয়ে স্মরণীয় জয় পেল যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের জয় ৯৩ রানে।

বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের রানের হিসাবে সবচেয়ে বড় জয় এটি। ২০১৪ আসরে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে নেপালের ৮০ রানে জয় ছিল আগের রেকর্ড। 

আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো সংস্করণে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবার জিতল যুক্তরাষ্ট্র। দুই দলের আগের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সবকটিতে ডাচরা জিতেছিল।

চেন্নাইয়ে শুক্রবার ২০ ওভারে ১৯৬ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাবে ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

তিন নম্বরে নেমে চার ছক্কা ও পাঁচ চারে ৫১ বলে ৭৯ রান করেন মুকামালা। আসরে দারুণ ছন্দ ধরে রেখে তিন চার ও দুই ছক্কায় ২৪ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন রাঞ্জানে।

ম্যাচ-সেরার স্বীকৃতি যদিও তারা কেউ পাননি। দারুণ বোলিংয়ে ২১ রানে ৪ উইকেট নিয়ে পুরস্কারটি জেতেন মুম্বাইয়ে জন্ম নেওয়া বাঁহাতি স্পিনার হারমিত সিং।  

বিশ্বকাপের চলতি আসরে এটি যুক্তরাষ্ট্রের প্রথম ও সব মিলিয়ে তৃতীয় জয়। গত আসরে প্রথমবার মূল পর্বে সুযোগ পেয়ে কানাডা ও পাকিস্তানকে হারিয়েছিল তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্র করে ১ উইকেটে ৫৩ রান। দুই ছক্কা ও এক চারে ১৪ বলে ২০ রান করেন শায়ান জাহাঙ্গির।

দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল (২২ বলে ৩৬) ও মুকামালা। সাঞ্জায় কৃষ্ণামূর্তি টিকতে পারেননি। মুকামালা আরেকটি পঞ্চাশোর্ধ (৫৪) জুটি গড়েন রাঞ্জানের সঙ্গে।

৩০ বলে পঞ্চাশ ছোঁয়া মুকামালা সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়ে যান বাস ডে লেডের বলে। 

৪৮ রানের ঝড়ো ইনিংসে দলকে দুইশর কাছে নিয়ে যান রাঞ্জানে। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৩৭ ও ৫১ রানের ইনিংস। 

৩৭ রানে ৩ উইকেট নেন ডে লেডে।

রান তাড়ায় দ্বিতীয় ওভারে মাইকেল লেভিটকে হারায় নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে ৩২ রানের জুটি গড়েন ম্যাক্স ও’ডাউড ও ডে লেডে। কিন্তু এই জুটি ভাঙার পর আর কোনো জুটিতে ১৩ রানের বেশি আসেনি। 

ব্যাটিংয়েও দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ডে লেডে।  

২১ রানে ৩ উইকেট নেন শেডলি ফন শলকউইক। ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ৩৭ বছর বয়সী এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৯৬/৬ (মোনাঙ্ক ৩৬, জাহাঙ্গির ২০, মুকামালা ৭৯, কৃষ্ণামূর্তি ১, রাঞ্জানে ৪৮*, মিলিন্দ ৩, হারমিত ১, মহসিন ১*; আরিয়ান ২-০-২৪-০, ফন বিক ৪-০-২৮-১, ক্লেইন ৪-০-৩৫-১, ক্লাসেন ৩-০-৩২-১, ফন ডার মেরওয়া ৩-০-৩৬-০, ডে লেডে ৪-০-৩৭-৩)

নেদারল্যান্ডস: ১৫.৫ ওভারে ১০৩ (লেভিট ৩, ও’ডাউড ১৩, ডে লেডে ২৩, আকারম্যান ০, এডওয়ার্ডস ২০, লায়ন-কাশেয় ৬, ফন ডার মেরওয়া ১০, ফন বিক ২, আরিয়ান ৯, ক্লেইন ৬*, ক্লাসেন ৩; আলি ২-০-১৮-০, কেনজিগি ৩-০-২০-১, হারমিত ৪-০-২১-৪, ফন শলকউইক ২.৫-০-২১-৩, মহসিন ৩-০-১৯-২, রাঞ্জানে ১-০-৪-০) 

ফল: যুক্তরাষ্ট্র ৯৩ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হারমিত সিং