‘অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সময়’, ওমান অধিনায়কের হুঙ্কার
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য মুখিয়ে আছেন ওমানের ক্রিকেটাররা, জানালেন জাতিন্দার সিং।
ম্যাচটি দুই দলের জন্যই নিয়মরক্ষার। তবে প্রাপ্তির অনেক কিছু দেখছেন জাতিন্দার সিং। ওমান অধিনায়ক বলছেন, অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখাতে দৃঢ়প্রতিজ্ঞ তারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওমান। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে, ২০০৯ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ২০২১ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে মিচেল মার্শের দল।
ওমান এবার প্রথম তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল তারা ৩৯ রানে। এই দুই দলের মুখোমুখি একমাত্র ম্যাচ সেটিই।
তবে পরিস্থিতি বিবেচনায় এবার অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ দেখছেন জাতিন্দার।
“এটা শতভাগ একটা সুযোগ। আর এজন্য আমাদের ছেলেরা মুখিয়ে আছে। কারণ টি-টোয়েন্টি হলো মোমেন্টাম আর মুহূর্তের খেলা, যদি সেই মুহূর্তগুলোয় সঠিকভাবে খেলা যায়, তাহলে নির্দিষ্ট দিনে যেকোনো কিছু হতে পারে। অস্ট্রেলিয়া এই মুহূর্তে ভালো করছে না... তাদের হারানোর সেরা সময় এটা।”
“ছেলেরা সত্যিই ইতিবাচক। নিজেদের ছাপ রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে তারা।”
