বিশ্বকাপ জয়ের চাপ অনুভব করছেন ভারতীয় অধিনায়ক
দেশের মাঠে বিশ্বকাপ জয়ের প্রবল চাপকে আলিঙ্গন করেই হাসিমুখে সুরিয়াকুমার ইয়াদাভ বললেন, ‘চাপ না থাকলে তো ক্রিকেট খেলার মজাটাই থাকবে না।’
“অবশ্যই চাপ আছে, চাপ থাকবে সামনেও”, অকপটেই বললেন সুরিয়াকুমার ইয়াদাভ। তবে সেই চাপে যে তারা কাবু নন, সেটিও বুঝিয়ে দিলেন চওড়া হাসিতে। প্রত্যয়ী কণ্ঠে ভারতের অধিনায়ক বললেন, “চাপ না থাকলে তো ক্রিকেট খেলার মজাটাই থাকবে না!”
এই চাপ শুধু ম্যাচ জয়ের নয়, বরং টুর্নামেন্ট জয়ের। এমনিতে দেশের ভেতরে-বাইরে যে কোনো সিরিজ বা টুর্নামেন্টেই ভারতের লক্ষ্য থাকে ট্রফি জয়। শিরোপার চেয়ে কম কিছু করা মানেই ভারতের জন্য ব্যর্থতা। সেখানে এবারের বিশ্বকাপ তো দেশের মাঠে। আগের আসরের চ্যাম্পিয়নও তারাই। কাপ জয়ের প্রবল চাপ তাই আছে।
সুরিয়াকুমার ও তার দল সেই চাপের আঁচ পাচ্ছেন নিত্যই। মাঠ থেকে মাঠে, টিম হোটেলে, চলতি পথে, সব জায়গাতেই চারপাশ থেকে তাদের কাছে দাবি ছুটে যাচ্ছে ‘কাপ লানা হ্যায়’ বা ‘ট্রফি জিতনা হ্যায়’ এই ধরনের নানা কথা।
সুপার এইট শুরুর আগে দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড বলেছেন, এই চাপকে কাজে লাগিয়েই ভারতকে উন্মুক্ত করে দিতে চান তারা।
তবে সুরিয়াকুমার সেই চাপকে আলিঙ্গন করেই সাফল্যের পথ ধরে ছুটতে চান।
“এটা বলা খুবই কঠিন যে, কোনো চাপ নেই বা এটা সামলানো সহজ। তবে হ্যাঁ, যখন দেশে মাঠে এত বড় আসর খেলছি, অবশ্যই চাপ অনুভব করি। এটা থেকে পালানোর কোনো পথ নেই। কারণ, হোটেলে বা ভ্রমণের সময় এত এত লোকের সঙ্গে দেখা হয় এবং সবারই লক্ষ্য একই, বিশ্বকাপ জিততে হবে, ভালো করতে হবে। চাপ তাই অবশ্যই আছে।”
“তবে প্রত্যেকেরই আলাদা ধরন আছে এটা সামলানোর। কীভাবে মানিয়ে নিয়ে সামনে এগোতে হবে, সেটা নিজের ব্যাপার। আমরা চেষ্টা করছি সবকিছু সাধারণ রাখার। যদিও এটা বলা সহজ যে, ‘আমরা সিম্পল রাখব সবকিছু’, করাটা অনেক কঠিন। তবে আমরা চেষ্টা করছি বর্তমানে থাকার, পা মাটিতে রাখার।”
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতকে বেশ বিপদে ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতীয় অধিনায়ক বললেন, সেখান থেকেও তাদের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে কিছুটা।
“গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে জেগে ওঠার একটি ভালো ডাক পেয়েছি আমরা। সেখান থেকে আমরা খুব বেশি ভাবা বাদ দিয়েছি। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছি আমরা। তবে অবশ্যই চাপ আছে, চাপ থাকবে সামনেও। চাপ না থাকলে তো ক্রিকেট খেলার মজাটাই থাকবে না!”
