ইতালির ঐতিহাসিক জয়ে অবদান রেখে কালুগামাগের উচ্ছ্বাস
নেপালের বিপক্ষে স্রেফ ১৮ দিয়ে তিন উইকেট নেওয়া এই লেগ স্পিনার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
ক্রিকেটের কোনো বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে জয় যেকোনো দলের জন্য অনেক বড় অর্জন। নেপালকে হারিয়ে ঐতিহাসিক সেই মুহূর্তের স্বাদ পেয়েছে ইতালি। দলের অবিস্মরণীয় জয়ে অবদান রাখতে পেরে ভীষণ খুশি কৃশান কালুগামাগে।
মুম্বাইয়ে বৃহস্পতিবার নেপালকে উড়িয়ে দেয় ইতালি। প্রতিপক্ষকে ১২৩ রানে গুটিয়ে তুলে নেয় ১০ উইকেটের রেকর্ড গড়া জয়।
ইতালিকে ইতিহাস গড়ার মঞ্চ গড়ে দেন বোলাররা। যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখেন কালুগামাগে। স্রেফ ১৮ রান দিয়ে তিন উইকেট নেওয়া এই লেগ স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে দ্বিতীয়বার ‘ম্যান অব দা ম্যাচের’ স্বীকৃতি পেলেন কালুগামাগে। এই পুরস্কার পাওয়ার চেয়েও দলের জয়ে অবদান রাখতে পেরে বেশি খুশি তিনি।
“আমি সবসময়ই দলকে ম্যাচ জিততে সাহায্য করতে চেয়েছি এবং আমার দেশ ইতালির জন্য নিজের সেরাটা দিতে চেয়েছি। আমি খুব খুশি। এরা আমার ভাইয়ের মতো। আমি সত্যিই আনন্দিত।”
স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে ফুটবলের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এবার তারা হারাল নেপালকে। আগামী সোমবার ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি।
