উগান্ডা দলের সঙ্গে মার্শ-ওয়ার্নারদের ‘স্পেশাল’ মুহূর্ত
বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া আফ্রিকার দলটির ক্রিকেটারদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়ানরা।
বিশ্বকাপে জায়গা করে নেওয়াই উগান্ডার জন্য অনেক বড় প্রাপ্তি। এর আগে যে কখনও বৈশ্বিক আসরে খেলার সুযোগ পায়নি তারা! টুর্নামেন্ট শুরুর আগেই আফ্রিকার দলটির আনন্দ যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। উগান্ডার ক্রিকেটারদের সঙ্গে টিম হোটেলে হাসি-আনন্দে দারুণ সময় কাটালেন মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নাররা।
ইতিহাস গড়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে উগান্ডা। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে জিম্বাবুয়ে, কেনিয়ার মতো দলকে হারিয়ে তারা এবার বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দেওয়ার অপেক্ষায়।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে উগান্ডা। যেখানে তাদের মুখোমুখি হতে হবে আফগানিস্তান, নিউ জিল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। গ্রুপ পর্বের চারটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে খেলবে দলটি।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সময় ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থান করে অস্ট্রেলিয়া ও উগান্ডা দল। সেখানেই তাদের সঙ্গে দেখা করেন মিচেল মার্শ-ডেভিড ওয়ার্নাররা।
প্রথমবার বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে আসা দলটির ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে মার্শের। অস্ট্রেলিয়ার অধিনায়ক তার অনুভূতি তুলে ধরে বলেছেন, “এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত ছিল। বিশ্বকাপে কেবল ক্রিকেটটাই একমাত্র বিষয় নয়। দলগুলোর জন্য এটা একটা সুযোগ। আর এখানে থাকার যোগ্যতা তারা অর্জন করে নেয়।”
উগান্ডার ড্রেসিং রুমে দলটির ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় মাতেন মার্শ। এক সময় উগান্ডার একটি জার্সি গায়ে জড়িয়ে নেন অস্ট্রেলিয়া তারকা অলরাউন্ডার। ওয়ার্নারকেও উপহার দেওয়া হয় উগান্ডার একটি জার্সি। পরে আফ্রিকার ছোট্ট দেশটির ক্রিকেটারদের সঙ্গে এটি ছবিও তোলেন তারা।
আইপিএলে টানা খেলার ধকল কাটানোর জন্য সংক্ষিপ্ত ছুটিতে থাকায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের অনেকেই এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই দুটি প্রস্তুতি ম্যাচ নির্বাচক ও কোচিং স্টাফের সদস্যদের নিয়েই খেলতে হয় অস্ট্রেলিয়ার। আপাতত যারা ছিলেন তারাই উগান্ডা দলের সঙ্গে সাক্ষাৎ করেন।
অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি উগান্ডার জার্সি দলটির ক্রিকেটারদের হাতে তুলে দেন তারকা ওপেনার ওয়ার্নার। এসব ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অস্ট্রেলিয়ানদের এমন পদক্ষেপ প্রশংসিত হয় ক্রিকেট আঙিনায়।
এবারই প্রথম ২০ দল নিয়ে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের তিনটি প্রদেশ ও ছয়টি ক্যারিবিয়ান দ্বীপে হবে আসরটি। বার্বডোজের ব্রিজটাউনে আগামী বৃহস্পতিবার ওমান ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।
উগান্ডার বিশ্বকাপ অভিষেক হবে আগামী মঙ্গলবার, প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দিন পর পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে দলটির শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে, যথাক্রমে ৯ ও ১৫ জুন।
