২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর আগেই শেষ বাংলাদেশ-দ. আফ্রিকা প্রস্তুতি ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

ব্রিজবেন থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 01:48 PM

Updated : 19 Oct 2022, 01:48 PM

সকাল থেকে ব্রিজবেনের আকাশ মেঘলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল থেমে থেমে। দুপুর নাগাদ বেড়ে গেল বৃষ্টির বেগ। আর থামাথামির নাম নেই। টসের আগেই তাই পরিত্যক্ত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ। 

বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ তাই পেল না বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে বুধবার উইকেটের কাভার সরানোর সুযোগই দিল না প্রকৃতি। 

অস্ট্রেলিয়ায় আসার পর তাই বলা যায়, বাংলাদেশের প্রস্তুতি পর্ব আদর্শ হলো না। প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ৬২ রানে হেরে যায় বাংলাদেশ। ব্যাটিংয়ের অবস্থা ছিল সেই ম্যাচে হতশ্রী। দ্বিতীয় ম্যাচে নিজেদের গুছিয়ে নেওয়ার আশা ছিল তারা। বিশ্বকাপের সেরা একাদশের সম্ভাব্য একটি ধারণাও এই ম্যাচ থেকে পাওয়া যেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত হলো না কিছুই। 

আগামী সোমবার হোবার্টে বাংলাদেশ খেলবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। তবে এখনই ম্যাচের শহরে যাচ্ছে না দল। ব্রিজবেনে থাকতে হবে আরও দুই দিন। শনিবার হোবার্টে যাবে দল। এই দুই দিন অনুশীলন চলবে ব্রিজবেনেই। 

সাকিব আল হাসানদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ‘এ’ গ্রুপে রানার্সআপদের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।