২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা বিশ্বকাপের’ আশায় শুরু হচ্ছে সাকিবদের অভিযান

হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এবারের বিশ্বকাপ অভিযান, অধিনায়ক স্বপ্ন দেখছেন নিজেদের সেরা আসরের।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

হোবার্ট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 11:21 PM

Updated : 23 Oct 2022, 11:21 PM

আবহাওয়ার পূর্বাভাসে শঙ্কা ছিল বৃষ্টির। কিন্তু হোবার্টে রোববার সকাল বাংলাদেশের জন্য এলো স্বস্তির বার্তা নিয়ে। বৃষ্টি নেই, বরং সাদা-বাদামি মেঘের ফাঁকে রোদের খেলাও কিছুটা দেখা গেল। বাংলাদেশ দলও তাই নির্ধারিত সময়ের বেশ আগেই পৌঁছে গেল মাঠে। টানা তিন দিনের অনুশীলন ভেস্তে যাওয়ার পর তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলল এই সেশন। এরপর সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানের দৃপ্ত ঘোষণা, “আমরা সবাই প্রস্তুত ও মুখিয়ে আছি মাঠে নামতে।” 

সাকিবদের এই প্রস্তুতি আর মাঠে নামার তাড়না বিশ্বকাপের জন্য। যে পথচলার শুরু সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। হোবার্টের ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়। 

ম্যাচ ভেন্যু বেলেরিভ ওভালে নয়, ম্যাচের আগের দিন বাংলাদেশের অনুশীলন হয়েছে অন্য মাঠে। তবে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বেলেরিভ ওভালে গিয়ে দেখে এসেছেন ম্যাচের উইকেট। দলের সঙ্গে থাকা বিসিবি পরিচালক জালাল ইউনুস জানালেন, খেলা হবে ব্যবহৃত উইকেটে, যে মাঠে প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। 

সেই ২২ গজে বাংলাদেশ নামবে জয়ের ছবি আঁকতে। যে কোনো টুর্নামেন্ট বা সিরিজের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। যদিও কথাটি খুব ক্লিশে, কিন্তু বাংলাদেশ দলের জন্য সবসময়ই সত্যি। ইতিহাস বলে, প্রথম ম্যাচে জয় ধরা দিলে বাংলাদেশ পরের লড়াইগুলোর জন্য ছন্দ পেয়ে যায় বেশির ভাগ সময়ই। প্রথম ম্যাচে হেরে গেলে পরের সময়টায়ও কেটে যায় সব সুর-তাল-লয়। 

এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটির দিকে বাংলাদেশ ক্রিকেট তাকিয়ে আছে আরও একটি কারণে। ১৫ বছরের জয় খরা কাটানোর কাতর অপেক্ষার অবসানের প্রত্যাশা যে এই ম্যাচেই! 

সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৬টি আসর হয়ে গেলেও মূল পর্বে আর একটি জয়ও ধরা দেয়নি। এবার প্রতিপক্ষ আইসিসির সহযোগী এক দেশ। দীর্ঘ জয় খরা কাটানো আর স্বস্তি নিয়ে টুর্নামেন্ট শুরুর এমন সুবর্ণ সুযোগ তো আর হয় না! 

সুযোগ শুধু প্রথম ম্যাচ জয়ের নয়, হাতছানি আছে আরও। বাংলাদেশের গ্রুপ সঙ্গী এবার জিম্বাবুয়েও। জয়টা প্রত্যাশিত তো সেই ম্যাচেও। এই দুটি জয় ধরা দিলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পেয়ে যাবে দল। অতীত পারফরম্যান্সের দীনতাই এই সুযোগ তৈরি করে দিয়েছে। তবে স্রেফ সেটুকুই নয়, সাকিবের কণ্ঠে শোনা গেল বড় স্বপ্নেরই প্রতিধ্বনি। 

“এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই অত একটা ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি, এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।” 

সেই পথে এগিয়ে যেতেই নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা জরুরি। ডাচরা অবশ্য দারুণ লড়িয়ে ও উজ্জীবিত এক দল। কাউন্টি ক্রিকেটে অভিজ্ঞ একগাদা ক্রিকেটারে সমৃদ্ধ তারা। প্রাথমিক পর্ব পেরিয়ে এই ধাপে আসার ছন্দ ও আত্মবিশ্বাস তাদের সঙ্গী। সাকিবও বললেন, প্রতিষ্ঠিত প্রতিপক্ষগুলোর মতো গুরুত্ব দিয়েই তারা দেখছেন নেদারল্যান্ডসকে। 

“আমরা এভাবে চিন্তা করি না। সব ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সব ম্যাচ থেকেই ২ পয়েন্ট পাওয়ার আছে। আমরা প্রতি ম্যাচই জেতার জন্য খেলতে নামব। এ বিশ্বকাপে কোনো দুর্বল ও সহজ দল নেই, যেমনটা আপনারা কোয়ালিফায়ারে (প্রথম রাউন্ড) দেখেছেন। যে দলকে আপনারা হয়তো ভেবেছেন জিতবে, তারা জিততে পারেনি। নিজেদের সেরা প্রস্তুতি নেওয়াই একমাত্র পথ। যাতে আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি।” 

“বিশ্বকাপে আমাদের যে পাঁচটা ম্যাচ আছে (গ্রুপ পর্বে), এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। সেটাই থাকা উচিত। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা সবার সঙ্গে একই থাকবে। প্রস্তুতি বা চিন্তাতে কোনো পরিবর্তন আসবে না। আর তারা (নেদারল্যান্ডস) কিন্তু কোয়ালিফাই করে যোগ্য দল হিসেবেই এসেছে।” 

সম্ভাব্য একাদশ নিয়ে কোনো ধারণা দেননি সাকিব বা দল সংশ্লিষ্ট কেউ। ওপেনিং জুটি নিয়ে জল্পনা-কল্পনা অবসান হওয়ার জন্য তাই অপেক্ষা করতে হবে টসের পর পর্যন্ত। একাদশে তিন পেসার থাকাটাও একরকম নিশ্চিত। 

এই উইকেটে স্কটল্যান্ডের ১৭৬ রান তাড়া করে আইরিশরা জিতেছিল ১ ওভার বাকি রেখে। তবে প্রাথমিক পর্বে হোবার্টের বিভিন্ন উইকেটে স্পিনারদের প্রভাব দেখা গেছে যথেষ্টই। শ্রীধরন শ্রীরাম তো ব্রিজবেনে থাকার সময়ই বলেছেন হোবার্টের উইকেট স্পিন ধরতে পারে বলে ধারণা করছেন তারা। ব্যবহৃত উইকেটে যেহেতু খেলা, উইকেট কিছুটা মন্থর হবে বিবেচনায় সাকিব আল হাসানের সঙ্গে আরেকজন বিশেষজ্ঞ স্পিনারও আসতে পারে। 

শেষ পর্যন্ত উইকেট যেমনই হোক, একাদশ যেভাবে সাজানো হোক, সাকিবের বার্তা দলের সবাইকে প্রস্তুত থাকার। যে কোনো সময় যে কাউকে মেটাতে হবে দলের প্রয়োজন আর পরিস্থিতির দাবি। 

“কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে কোনো নির্দিষ্ট কাজটাই করতে হবে, এমন হলে খেলোয়াড়ের জন্যই কষ্টকর। আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই যে একে প্রথম ৬ ওভার ব্যাটিং করতে হবে, একে পরের ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে এবং এ দুই-তিনজনকে শেষ ৩ থেকে ৫ ওভার ব্যাটিং করতে হবে। আমাদের ওরকম কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। যখনই যে পরিস্থিতি আসবে দলের প্রয়োজন অনুযায়ী, সে যদি তখন পারফরম্যান্সটা করতে পারে, আমাদের জন্য সেটাই যথেষ্ট।” 

“টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, এখানে আপনি যত বেশি ওপেন মাইন্ডেড থাকবেন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন যত তাড়াতাড়ি... কারণ খেলাটা খুব তাড়াতাড়ি বদলায়। সেটির সঙ্গে মানিয়ে নেওয়াটাও দ্রুত হওয়া দরকার। সেটা যদি হতে পারে, তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় আমাদের ভালো করা সম্ভব।” 

সেই ‘ভালো’ আসলে কেমন, অধিনায়ক তো তা আগেই বলেছেন, নিজেদের সেরা বিশ্বকাপ!