২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিটন ওপেন করলেই কি আমরা জিতব?’

বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে লিটনকে ওপেন করানো হবে কিনা, এই প্রশ্নে বাংলাদেশ অধিনায়কের বিরক্তিমাখা পাল্টা প্রশ্ন।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

হোবার্ট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 03:17 PM

Updated : 23 Oct 2022, 05:00 PM

নেট অনুশীলন দেখে অনেক সময় ম্যাচের সম্ভাব্য চিত্র, কম্বিনেশন কিংবা একাদশের খানিকটা ধারণা পাওয়া যায়। হোবার্টে রোববার বাংলাদেশের অনুশীলন দেখে ওপেনিং জুটি নিয়ে পরিস্কার কোনো ধারণা মিলল না। সুস্পষ্ট কিংবা আবছা, কোনো ধারণা পাওয়া গেল না অধিনায়কের সংবাদ সম্মেলন থেকেও। বরং সুনির্দিষ্ট প্রশ্নে সাকিব আল হাসানের কাছ থেকে পাওয়া গেল এমন এক উত্তর, যেটি তিনি বললেন মুখে হাসি নিয়ে, কিন্তু মিশে থাকল বিরক্তি।

বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে প্রশ্ন অবশ্য নানা সংবাদ সম্মেলনে উঠছে নিয়মিতই। তবে সেটির যৌক্তিক ভিত্তিও আছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে ১২টি উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ। থিতু হতে পারেননি কেউ। বিশ্বকাপের সম্ভাব্য উদ্বোধনী জুটি নিয়ে দলের কারও কাছ থেকে কোনো বার্তা মেলেনি গত কিছুদিনে। বিশ্ব আসরে দলের প্রথম ম্যাচের আগের দিন এটি নিয়ে কৌতূহল থাকা তাই অস্বাভাবিক নয়।

ম্যাচের আগের দিন কিংস্টন টুইন ওভাল মাঠে অনুশীলনে শুরুতে ব্যাটিংয়ে নামলেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের সঙ্গে সাকিব নিজেও। প্রথম তিনজনই থাকার কথা শুরুর জুটির বিবেচনায়। সাকিবের ওপেন করার সম্ভাবনা নিশ্চয়ই সামান্যতমও নেই।

সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্নই তাই সহায়। সাকিব সেই প্রশ্নে শুরুতে বোঝাতে চাইলেন, দলের সবাইকেই যে কোনো দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।

“এখানে ১৫ জন খেলতে এসেছে। সবাই তৈরি এবং ফিট। প্রতিটি পজিশনে মানিয়ে নেওয়ার মতো সক্ষমতা রাখে। আমরা চাই… আমি ব্যক্তিগতভাবে চাই সবাই সেটা পারবে, ওপেন মাইন্ডেড থাকবে। দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে পজিশনে বা যত ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে, সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে।”

“বিশেষত টি-টোয়েন্টি ম্যাচে ওই দলগুলো ভালো করে, যাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি। আমি আশা করি দলের সবার এই জ্ঞানটা আছে। এ সম্পর্কে সবাই অবগত, যাকে যখন লাগবে প্রস্তুত থাকতে হবে। সেই জায়গায় তারা প্রস্তুতও আছে। এখান থেকে আমাদের ১১ জনকে নিতে হবে। আমি নিশ্চিত, যে ১১ জনকেই নেওয়া হোক, তারা দেশের হয়ে ভালো খেলার চেষ্টা করবে।”

উদ্বোধনী জুটির এআ অস্থিরতার পালায় যার অবস্থান স্থির থাকার কথা, প্রশ্নটা বেশি মূলত তাকে ঘিরেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অন্তত ২০০ রান করেছেন, এমন ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট লিটন কুমার দাসের (১৩২.৮০)। অথচ গত বিশ্বকাপের পর থেকে এই বিশ্বকাপের আগ পর্যন্ত স্রেফ ৬টি ম্যাচে তাকে ওপেন করানো হয়েছে। এই ম্যাচগুলিতে তার গড় ২৯.৬৬, স্ট্রাইক রেট ১৪৯.৫৭।

অথচ গত মাসে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে ৬ ম্যাচে স্রেফ একবার তাকে দেখা গেছে ওপেনিংয়ে। বিশ্বকাপে ওপেনিংয়ের বিবেচনায় লিটন কতটা আছেন, সেই প্রশ্নে সাকিবের ঝাঁঝাল উত্তর, “আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই বা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতব?”

ওপেনিংয়ে লিটনের ভালো পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিতেই সাকিবের উত্তর, “আপনি যেভাবে বলছেন, ডিসিশন মেকারের জায়গায় আপনাকে রাখতে হবে…।”

বাংলাদেশ অধিনায়ক কথাটি বললেন হাসতে হাসতে। কথা শেষ করেও তাকে দেখা গেল হাসিমুখে। তবে শব্দচয়নে তার খুশি হওয়ার প্রকাশ খুব একটা নেই বলেই মনে হয়!

উদ্বোধনী জুটি নিয়ে প্রশ্নে ব্রিজবেনে শ্রীধরন শ্রীরামের কণ্ঠেও বেশ বিরক্তির রেশ খুঁজে পাওয়া গিয়েছিল। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্টও বলেছিলেন, ওপেনিং নিয়ে তারা সুনির্দিষ্ট কাউকে বা কোনো জুটিকে ভাবছেন না। তার মতে, ওপেনিং জুটি নিয়ে এত আলোচনা, মনোযোগ, কৌতূহল বা দুর্ভাবনারও কিছু নেই।