২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ভিন্ন মাঠের ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সতর্ক শ্রীরাম

বিশ্বকাপের মাঠের আকার বোলারদের স্বস্তি দেবে, ধারণা বাংলাদেশে টেকনিক্যাল কনসালটেন্টের

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 02:04 PM

Updated : 15 Oct 2022, 03:23 PM

বিশ্বকাপের বড় মঞ্চে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। এ অভিযানে প্রতিকূল কন্ডিশন ও শক্ত প্রতিপক্ষের বাইরে অস্ট্রেলিয়ার মাঠগুলোও বাড়তি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলে মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

মূল আসর শুরুর আগে ব্রিজবেনে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের পাঁচ ম্যাচের দুটি হবে অ্যাডিলেইডে। বাকি তিনটি হোবার্ট, সিডনি ও ব্রিজবেনে। 

এসব ভিন্ন ভিন্ন মাঠে ভিন্নরকম চ্যালেঞ্জের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার মধ্যেও সফলতা নির্ভর করবে বলে মনে করেন শ্রীরাম। বিশ্বকাপ খেলতে নিউ জিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। 

অস্ট্রেলিয়ার মাঠের আকার বড় হওয়ায় তা বোলারদের বাড়তি সুবিধা দেবে বলে আশা গত বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফে থাকা শ্রীরামের।

"মাঠগুলো বড়, বোলারদের ভুল করার সম্ভাবনা কম থাকবে। ব্রিজবেনে মাঠের বাউন্ডারি চারকোনা, সিডনি অনেক বড় মাঠ, অ্যাডিলেইডের সামনের বাউন্ডারি অনেক বড়। তাই আমাদের কন্ডিশনের পাশাপাশি মাঠের সীমানার সঙ্গেও দ্রুত মানিয়ে নিতে হবে। তবে মাঠের আকার বোলারদের একটু হলেও স্বস্তি দেবে।"

আইসিসি ইভেন্ট হওয়ায় টুর্নামেন্টের উইকেট নিয়ে দুশ্চিন্তা নেই শ্রীরামের।

"যেহেতু বিশ্বকাপ, তাই আমি আশা করছি উইকেট খুবই ভালো হবে। বিশেষ করে ব্যাটিংয়ের জন্য। আশা করছি, ছেলেরা দ্রুত তার সঙ্গে মানিয়ে নেবে।"

বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে খেলা ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। এর মাঝেই অনেক ইতিবাচকতা ছিল বলে জানালেন শ্রীরাম। তার মতে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চেয়ে নিউ জিল্যান্ড কম রান করায় তা দলে আত্মবিশ্বাস জোগাবে।

“ছেলেদের মাঝে আত্মবিশ্বাস এসেছে। আমরা যেভাবে ব্যাটিং করেছি... বাকি দুই দলও কিন্তু (মুখোমুখি লড়াইয়ে) সমান রানই করেছে। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে বেশি রান করেছি, যেটা নিউ জিল্যান্ড ফাইনালে করতে পারেনি। এখান থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পাচ্ছি।”

“আমরা আমাদের সেরাটা দিতে চাই। সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চাই। আমরা চাইছি ছেলেদের মধ্যে এই আত্মবিশ্বাসটা আসুক যে নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। প্রস্তুতিটাই আসল এখানে। নিউ জিল্যান্ড সিরিজ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি।”

বিশ্বকাপের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে অনেক। আরব আমিরাত সফর ও ত্রিদেশীয় সিরিজে দেখে নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কম্বিনেশন। পারফরম্যান্স বিবেচনায় একদম শেষ মুহূর্তে স্কোয়াডে আনা হয়েছে জোড়া পরিবর্তন। সবকিছুর পর এখন একটা পরিষ্কার ধারণা মিলেছে বলে দাবি শ্রীরামের।

“আমাদের ধারণা পরিষ্কার। আমরা জানি আমাদের সেরা দলটা কেমন। সেরা দল মানে একটা দল নয়, প্রতিপক্ষ দেখে সেরা দলেও পরিবর্তন আসে। কিন্তু মানসিকভাবে খুব পরিষ্কার ধারণা নিয়ে এখানে এসেছি। আমরা আমাদের খেলোয়াড়দের সম্পর্কে খুব ভালোভাবে জেনেছি। কাকে কোন ভুমিকা দিতে হবে তা জানা আছে।  ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের কম্বিনেশন কেমন হবে, তা জানি।”