২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের বিশ্বকাপে অনন্য কারান

এই প্রথম কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হলেন একই জন।

স্বপ্নের বিশ্বকাপে অনন্য কারান

বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে স্যাম কারান। ছবি: আইসিসি

আবু হোসেন পরাগ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2022, 08:45 PM

Updated : 13 Nov 2022, 09:22 PM

ক্যারিয়ারে প্রথমবার বিশ্বকাপে খেলার হাতছানিতে স্যাম কারানের মাঝে কাজ করছিল রোমাঞ্চ; কিন্তু বিধি বাম, পিঠের চোটে সেই স্বপ্নের মৃত্যু-ঘটনাটা গত বছর অক্টোবরের। তবে কখনও কখনও জীবন কেড়ে নেয় যতটা, তার চেয়ে বেশি ফিরিয়েও দেয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন যিনি, সেই কারান ১৩ মাস পর হয়ে গেলেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক! 

মেলবোর্নের ফাইনালে রোববার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০২২ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে গড়েছে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি। 

দুর্দান্ত বোলিংয়ে কারান শুধু ফাইনালের সেরাই নন, টুর্নামেন্টের সেরাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি একই আসরে জিতলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরার পুরস্কার। 

শিরোপা লড়াইয়ে পাওয়ার প্লে ও ডেথ ওভার, দুই জায়গাতেই চমক জাগানিয়া বোলিং উপহার দেন কারান। পাওয়ার প্লেতে ২ ওভারে স্রেফ ৫ রান দিয়ে তিনি নেন একটি উইকেট। ডেথ ওভারে ২ ওভারে ৭ রান দিয়ে তার শিকার আরও দুটি। 

পাকিস্তানকে ১৩৭ রানে বেঁধে রাখতে ৪ ওভারে ১২ রান দিয়ে কারানের প্রাপ্তি ৩ উইকেট। তার ২৪ বলের ১৫টি ছিল ডট। হজম করেননি কোনো বাউন্ডারি। 

কারানের এই বোলিং ফিগার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তৃতীয় সেরা। ২০১২ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজান্তা মেন্ডিস। ওই ম্যাচেই পরে ক্যারিবিয়ান অফ স্পিনার সুনিল নারাইন ৩.৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। 

ফাইনালে ৪ ওভারের কোটা শেষ করে কারানের চেয়ে কম রান দেওয়ার নজির আছে কেবল একটি। ২০১২ সালে কলম্বোর ওই ফাইনালে ১১ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার পেস বোলিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

এবার কারানের ১৩ উইকেটের ৯টিই ডেথ ওভারে (১৬ থেকে ২০)। এই সময়টায় এক আসরে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল একজন। এবারের আসরেই নেদারল্যান্ডসের বাস ডে লেডে নেন ১১ উইকেট। 

ফাইনালে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বল হাতে পেয়ে বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার কারান দেন মাত্র ৪ রান। পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তিনিই। পঞ্চম ওভারে স্রেফ ১ রান দিয়ে ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে। 

Image

উইকেট শিকারের পর উড়ছেন কারান। ছবি: ইংল্যান্ড ক্রিকেট

সপ্তদশ ওভারে যখন দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফেরেন কারান, পাকিস্তানের রান ৪ উইকেটে ১১৯। শান মাসুদ ও শাদাব খানের জুটি জমে উঠেছিল ততক্ষণে। 

এই ওভারে তিনি ফিরিয়ে দেন পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার মাসুদকে (৩৮)। অফ স্টাম্পের বলে ক্রস ব্যাটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ব্যাটসম্যান। ওভার থেকে আসে ৩ রান। 

শেষের আগের ওভারে মাত্র ৪ রান দিয়ে মোহাম্মদ নাওয়াজের গুরুত্বপূর্ণ উইকেটটিও নেন কারান। 

শেষ ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তুলতে পারে স্রেফ ১৮ রান। ম্যাচের পার্থক্য গড়ে দেয় সেটিই। যেখানে বড় অবদান তো কারানেরই। 

আসর জুড়েই দারুণ বোলিং করেছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। ৬ ম্যাচে ওভারপ্রতি ৬.৫২ করে রান দিয়ে তার প্রাপ্তি ১৩ উইকেট, আসরে যা দ্বিতীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ ১৫ উইকেট নেন ৮ ম্যাচ খেলে। 

কারানের ১৩ উইকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের কোনো বোলারের সর্বোচ্চ। ২০১০ আসরে রায়ান সাইডবটম ও গ্রায়েম সোয়ান এবং ২০১৬ আসরে ডেভিড উইলি নিয়েছিলেন ১০টি করে উইকেট।  

শেষের মতো এবারের আসরের শুরুটাও কারান করেন রেকর্ড গড়ে। সুপার টুয়েলভে ইংল্যান্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩.৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট। ২০০৫ সালে এই সংস্করণে ইংল্যান্ডের পথচলা শুরুর পর সেটিই দেশটির কারও প্রথম পাঁচ উইকেট। 

পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারের দিনে কিছুটা খরুচে ছিলেন কারান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ ওভারে ৩১ রান দিয়ে তার প্রাপ্তি ছিল ২টি। 

এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে যথারীতি দারুণ বোলিং করেন তিনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে তার শিকার একটি উইকেট। 

সেমি-ফাইনালে ভারতের বিপক্ষেই শুধু কোনো উইকেট পাননি তিনি। ৪ ওভারে রান দেন ৪২। তবে ভারতের ১৬৮ রান ইংল্যান্ড উদ্বোধনী জুটিতেই পেরিয়ে যাওয়ায় কারানের ওই খরুচে বোলিং বড় হয়ে ওঠেনি। 

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তো রীতিমতো অবিশ্বাস্য বোলিং করলেন তিনি। হয়ে গেলেন দলের জয়ের নায়ক। 

টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার তিনি ম্যাচ সেরার পুরস্কার পান আসরের প্রথম ম্যাচে। আরেকবার পেলেন শেষ ম্যাচে।  

রান তাড়ায় ৪৯ বলে ৫২ রানের কার্যকর ইনিংসে দলের জয় নিয়ে ফেরা বেন স্টোকসের অবদানও কম নয়। কারান যেমন বললেন, ম্যাচ সেরার পুরস্কারটা প্রাপ্য ছিল তার সতীর্থের। 

“আমি মনে করি না, এটি আমার পাওয়া উচিত। বেন স্টোকস যেভাবে খেলেছে, ফাইনালে ফিফটি করা, আমাদের জন্য অনেকবারই সে এমনটা করে দেখিয়েছে, ম্যাচ সেরার পুরস্কার তার পাওয়া উচিত।” 

প্রথমবার বিশ্বকাপ খেলেই চ্যাম্পিয়ন হওয়া, সেখানে আবার নিজে সবচেয়ে বড় অবদান রাখা- সব মিলিয়ে উচ্ছ্বসিত কারান। উন্নতির ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে চান তিনি।   

“আমার প্রথম বিশ্বকাপ এবং আমরা জিতেছি। চমৎকার দর্শক। আমি টুর্নামেন্টে এসে মানিয়ে নিতে চেয়েছিলাম। ডেথ ওভারে আমি আগে খুব বেশি বোলিং করিনি। এই জায়গায় আমি উন্নতি করে যেতে চাই। এই দলের লাইন আপে ব্যাট করা কঠিন হলেও আমি আমার ব্যাটিংয়ে উন্নতি করতে চাই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, কী দারুণ ব্যাপার!” 

টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা: 

  • ২০০৭- শাহিদ আফ্রিদি (পাকিস্তান) 

  • ২০০৯- তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা) 

  • ২০১০- কেভিন পিটারসেন (ইংল্যান্ড) 

  • ২০১২- শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) 

  • ২০১৪- বিরাট কোহলি (ভারত) 

  • ২০১৬- বিরাট কোহলি (ভারত) 

  • ২০২১- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) 

  • ২০২২- স্যাম কারান (ইংল্যান্ড)