‘ভালো টি-টোয়েন্টি দল গড়ার সঠিক পথে রয়েছে বাংলাদেশ’
বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান জানে বাংলাদেশের ক্রিকেটাররা, বলেছেন শ্রীধরন শ্রীরাম।
দলের সমস্যা কোথায় হচ্ছে জানতে চাওয়া হলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন শ্রীধরন শ্রীরাম। জানতে চাইলেন, বাংলাদেশের এই দলের প্রতি আসলে প্রত্যাশা কী? সমস্যার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বরং সম্ভাবনার দিক সামনে নিয়ে এলেন টেকনিক্যাল কনসালটেন্ট। তার মতে, ঠিক পথেই আছে বাংলাদেশ।
বিশ্বকাপকে লক্ষ্য করে গত অগাস্টে এশিয়া কাপের আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে তুলে দেওয়া হয়েছিল শ্রীরামের হাতে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দল, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে ক্যাপিট্যালস) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তাই ভারতের সাবেক এই ক্রিকেটারের ওপর সকলের অনেক প্রত্যাশা।
তবে তার অধীনে এখন পর্যন্ত সে অর্থে সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে দ্বিপাক্ষিক সিরিজে দুই ও বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া জয়ই শুধু সম্বল। এর বাইরে এশিয়া কাপ, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে ৭ ম্যাচ হেরেছে বাংলাদেশ।
দায়িত্ব নিয়েই উন্নতির যে ধারাবাহিকতার কথা বলেছিলেন শ্রীরাম, সেটিও মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। ব্যাটিং-বোলিং; দুই বিভাগেই দেখা গেছে হতশ্রী অবস্থা। সব মিলিয়ে টি-টোয়েন্টির সঙ্গে মানানসই চৌকস ক্রিকেট খেলতে পারছে না বাংলাদেশ। এর পেছনে সমস্যা কী হচ্ছে সেটিই জানতে চাওয়া হয়েছিল শ্রীরামের কাছে।
ব্রিজবেনে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে, সমস্যার জায়গায় আলোকপাত না করে পাল্টা প্রশ্নে এই দলের প্রতি প্রত্যাশার কথা জিজ্ঞেস করেন শ্রীরাম। পরমুহূর্তেই দলের বাস্তবতার কথা তুলে ধরেন তিনি। তার মতে, অল্প সময়ের মধ্যে যা করার সম্ভব ছিল সেটি করেছেন তিনি।
“আমি মনে করি, আমরা একটি দল গড়ছি। আমার মতে এই দল গড়ার কাজটি বেশ ভালোভাবে করেছি। ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। তারা জানে, বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায়। এটিই তাদের বাস্তবতা। তারা জানে, কোথায় যেতে চায়। আমি মনে করি, এখানে পুরোপুরি স্বচ্ছতা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে আমরা এই ভিত্তিটা গড়তে পারতাম। আমার মতে, সেটি ভালোভাবেই করতে পেরেছি।”
বাইরের প্রত্যাশা কী সে আলোচনায় কান না দিয়ে দলের চিন্তাভাবনায় স্বচ্ছতার কথা বললেন টেকনিক্যাল কনসালটেন্ট। তিনি জানালেন, ভবিষ্যতের জন্য ভালো একটি টি-টোয়েন্টি দল গড়ার জন্য সঠিক পথেই রয়েছে বাংলাদেশ।
“আপনাদের প্রত্যাশা কী সেটা আপনাদের ওপরেই নির্ভর করে। তবে দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা নিজেদের ওপর প্রত্যাশার বিষয়ে পুরোপুরি পরিষ্কার আছি। আমরা এ দলকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চাই। আমি মনে করি, আমাদের দারুণ একটি দল রয়েছে। আমাদের স্কিল রয়েছে। এর সঙ্গে আরও কিছু স্কিল যোগ করতে পারলে ভবিষ্যতের জন্য ভালো একটি টি-টোয়েন্টি দল গড়তে পারব আমরা।”
