শানাকার নজরে প্রাথমিক রাউন্ডের চ্যালেঞ্জ ‘ভিন্ন’
নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে মরিয়া শ্রীলঙ্কা অধিনায়ক বললেন, তেমন কোনো চাপে নেই তারা।
প্রতিপক্ষ সম্পর্কে যত বেশি জানা থাকে, ম্যাচে তত বেশি সুবিধা পাওয়া যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই সুবিধা শ্রীলঙ্কা তেমন একটা পাচ্ছে না! প্রাথমিক পর্বে যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের খেলতে হচ্ছে আইসিসি সহযোগী দলগুলোর বিপক্ষে। তাদের সঙ্গে খেলার তেমন অভিজ্ঞতা নেই দাসুন শানাকাদের। লঙ্কান অধিনায়ক এখানেই দেখছেন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের গত আসরে প্রথম মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সেবার অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। কিন্তু অস্ট্রেলিয়া আসরে ফের আফ্রিকার দলটির বিপক্ষে খেলতে নেমে যেন নিজেদের হারিয়ে খোঁজে লঙ্কানরা। ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ৫৫ রানের বড় জয় তুলে নেয় নামিবিয়া।
শ্রীলঙ্কা নিজেদের গুছিয়ে নিতে দেরি করেনি। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার তারা উড়িয়ে দেয় সংযুক্ত আরব আমিরাতকে। বাঁচিয়ে রাখে সুপার টুয়েলভে খেলার আশা।
প্রাথমিক পর্বে শ্রীলঙ্কার পরের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, যারা নিজেদের প্রথম দুই ম্যাচই জিতে আছে সবার শীর্ষে।
ডাচদের সঙ্গেও টি-টোয়েন্টি খেলার তেমন অভিজ্ঞতা নেই লঙ্কানদের। এখন পর্যন্ত এই সংস্করণে মুখোমুখি হয়েছে কেবল দুইবার। প্রতিবারই অবশ্য জিতেছে এশিয়ার দেশটিই।
তবে ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে শানাকা কথায় ছিল প্রতিপক্ষের প্রতি সমীহ।
“সুপরিচিত দলগুলোর বিপক্ষে খেলার চেয়ে এই দলগুলোর সঙ্গে খেলা কিছুটা ভিন্ন, কারণ আমরা জানি না কী অপেক্ষা করছে। সাধারণত আমরা যখন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলি, তখন তাদের বোলার এবং তারা যে কম্বিনেশনে খেলে সেটা সম্পর্কে ধারণা থাকে। হ্যাঁ, ঠিক আছে, তারাও (প্রাথমিক পর্বের দলগুলো) কিছুটা সুবিধা পায়, যখন এই ধরনের রাউন্ডে খেলি।”
সবশেষ এশিয়া কাপে ভারত, পাকিস্তানের মতো দলকে হারিয়ে শিরোপা ঘরে তোলে শ্রীলঙ্কা। কিন্তু বিশ্বকাপে এসেই তাদের পেতে হয় হারের স্বাদ। তাও নামিবিয়ার মতো তুলনামূলক শক্তি-সামর্থ্য ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের সঙ্গে।
শানাকা বললেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী মেলে ধরতে না পারায় হার দিয়ে শুরু করতে হয়েছে তাদের বিশ্বকাপ।
“আমার মনে হয়, এশিয়া কাপ চ্যাম্পিয়ন এখন ইতিহাস। এটা আমাদের জন্য কেবলই একটি শিরোপা। কোনো ধরনের চাপ নেই। আমাদের শুধু নিজেদের পারফরম্যান্সের ওপর এবং পরের খেলার পর আমরা যাতে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারি তা নিশ্চিত করতে আমাদের কী করতে হবে, সেটায় মনোনিবেশ করতে হবে।”
“নিজেদের সামর্থ্য আমাদের জানা। প্রথম ম্যাচে সেগুলো বাস্তবায়ন করতে পারিনি, তাই নামিবিয়ার বিপক্ষে হেরেছি আমরা। প্রথম ম্যাচে যেমন পারফর্ম করেছি, এর চেয়ে অনেক ভালো দল আমরা।”
