ডাচদের হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে লঙ্কানরা।
পা হড়কালেই হবে ভীষণ বিপদ। শেষ হয়ে যেতে পারে অস্ট্রেলিয়া বিশ্বকাপে পথচলা। দলের এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে মেলে ধরলেন কুসল মেন্ডিস। বিস্ফোরক এক ইনিংসে শ্রীলঙ্কাকে গড়ে দিলেন লড়ার মতো পুঁজি। নেদারল্যান্ডসের হয়ে একাই লড়লেন মাক্স ও’ডাওড। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না দলের মুখে হাসি ফোটাতে। তাদেরকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিল লঙ্কানরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার এশিয়ান চ্যাম্পিয়নদের জয় ১৬ রানে। ভিক্টোরিয়ার জিলংয়ে প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে ১৬২ রানের পুঁজি নিয়ে নেদারল্যান্ডসকে তারা থামিয়ে দেয় ১৪৬ রানে।
সুপার টুয়েলভে ওঠার আশা এখনও বেঁচে আছে নিজেদের প্রথম দুই ম্যাচ জেতা ডাচদের। তবে তাদের কামনা করতে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামিবিয়ার হার।
গ্রুপ সেরা হয়ে পরের ধাপে যাবে শ্রীলঙ্কা, টুর্নামেন্টের শুরুতে এমনটাই প্রত্যাশিত ছিল। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে তারা হেরে বসে নামিবিয়ার বিপক্ষে। তাতে কঠিন হয়ে যায় তাদের পথ। তবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয় তুলে নিল ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কার এই জয়ের কারিগর মেন্ডিস ৫টি করে ছক্কা-চারে ৪৪ বলে খেলেন ৭৯ রানের চমৎকার ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের আগের সেরা ছুঁয়ে এই ওপেনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
বড় অবদান রাখেন ভানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা। ২৮ রানে তিন শিকার ধরেন লেগ স্পিনার হাসারাঙ্গা। রহস্য স্পিনার থিকশানার প্রাপ্তি দুটি, ৩২ রান দিয়ে।
সতীর্থদের ব্যর্থতার দিনে নেদারল্যান্ডসের আশা শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখেন ও’ডাওড। কিন্তু শেষ ওভারে ২৩ রানের কঠিন সমীকরণ মেলাতে পারেননি এই ওপেনার। ৩ ছক্কা ও ৬ চারে ৫৩ বলে খেলেন ৭১ রানের অপরাজিত ইনিংস।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেঁধে রাখে নেদারল্যান্ডস। পাওয়ার প্লেতে পাথুম নিসানকা ও মেন্ডিসের উদ্বোধনী জুটি ভাঙতে না পারলেও রান দেয় তারা মাত্র ৩৬।
সপ্তম ওভারে জোড়া উইকেট নিয়ে লঙ্কানদের চেপে ধরেন পল ফন মেকেরেন। দুর্দান্ত এক ইয়র্কারে নিসানকাকে বোল্ড করার পরের বলেই এই পেসার এলবিডব্লিউ করে দেন ধনাঞ্জয়া ডি সিলভাকে।
৩৬ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। দুইজনে ৪৫ বলের জুটিতে তোলেন ৬০ রান। যেখানে অগ্রণী ছিলেন মেন্ডিস।
৩ চারে ৩১ রান করা আসালাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন বাস ডে লেডে। এক বল পর এই পেসারকে ছক্কায় উড়িয়ে ৩৪ বলে নবম টি-টোয়েন্টি ফিফটি স্পর্শ করেন শুরুতে সাবধানী ব্যাটিংয়ে ইনিংস গড়া মেন্ডিস।
১৯তম ওভারে ফ্রেড ক্লাসেনকে টানা দুই ছক্কায় ওড়ান মেন্ডিস। পরে টিম ফন ডার গুগটেনকে চার মারার পরের বলে ছক্কার চেষ্টায় ধরা পড়েন ডিপ মিডউইকেটে।
রান তাড়ায় নামা নেদারল্যান্ডস শিবিরে চতুর্থ ওভারে ছোবল দেন থিকশানা। বড় শট খেলার চেষ্টায় মিড-অনে ধরা পড়েন বিক্রমজিত সিং। কিছুক্ষণ পর টানা দুই ওভারে দুই উইকেট হারায় ডাচরা।
আগের দুই ম্যাচে ডাচদের জয়ের নায়ক ডে লেডেকে এদিন টিকতে দেননি দলে ফেরা লাহিরু কুমারা। ফিরতি ক্যাচ নিয়ে কলিন আকারম্যানকে ফেরান হাসারাঙ্গা। টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট এই ব্যাটসম্যান।
৪৭ রানে ৩ উইকেট হারানো দলকে আরও বিপদে ফেলে বিদায় নেন টম কুপার। থিকশানার ক্যারম বল স্লগ সুইপ করে হন বোল্ড। অধিনায়ক স্কট এডওয়ার্ডস দ্রুত কিছু রান তুলে ফেরেন দলে ফেরা বিনুরা ফার্নান্দোর নাকল বলে স্টাম্প হারিয়ে।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে আগলে রাখেন ও’ডাওড। ১৮ বলে যখন ৫৪ রান চাই দলের, বিনুরাকে দুই চার ও এক ছক্কা মেরে ৩৮ বলে ফিফটি করেন তিনি। পরে থিকশানাকে দুই ছক্কায় উড়িয়ে কিছুটা জমিয়ে দেন ম্যাচ।
কিন্তু শেষ ওভারের কঠিন অঙ্কটা আর মেলাতে পারেননি তিনি। কুমারার দারুণ বোলিংয়ে স্রেফ ৬ রান আসে ওভার থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬২/৬ (নিসানকা ১৪, মেন্ডিস ৭৯, ধনাজয়া ০, আসালাঙ্কা ৩১, রাজাপাকসে ১৯, শানাকা ৮, হাসারাঙ্গা ৫*, করুনারত্নে ২*; ক্লাসেন ৪-০-৩৪-১, প্রিঙ্গল ৩-০-২২-০, ফন মেরওয়া ৩-০-১৬-০, ফন মেকেরেন ৪-০-২৫-২, ডে লেডে ৩-০-৩১-২, ফন গুগটেন ৩-০-৩১-১)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৪৬/৯ (ও’ডাওড ৭১*, বিক্রমজিত ৭, ডে লেডে ১৪, আকারম্যান ০, কুপার ১৬, এডওয়ার্ডস ২১, প্রিঙ্গল ২, গুগটেন ০, ক্লাসেন ৩, ফন মেকেরেন ০, ফন মেরওয়া ০*; ধনাঞ্জয়া ১-০-৫-০, কুমারা ৪-০-২৮-১, বিনুরা ৪-০-৩৩-১, থিকশানা ৪-০-৩২-২, হাসারাঙ্গা ৪-০-২৮-৩, করুনারত্নে ২-০-১১-০, শানাকা ১-০-৭-০)
ফল: শ্রীলঙ্কা ১৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কুসল মেন্ডিস
