হোটেল রুমের ভিডিও প্রকাশ, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন কোহলি
ভারতীয় তারকা ব্যাটসম্যানের হোটেল রুমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটিকে’ প্রকাশ করা হয়।
পার্থের ক্রাউন টাওয়ার হোটেলের যে রুমে আছেন বিরাট কোহলি, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় বেজায় খেপেছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে রোববার পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ভারত। দারুণ লড়াই করেও ম্যাচটি তারা হেরে যায় ৫ উইকেটে।
নিজের ইনস্টাগ্রামে সোমবার একটি ভিডিও প্রকাশ করেন কোহলি। যেটি মূলত টিকটকে একটি অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে আগেই প্রকাশ হয়। যেখানে ক্যাপশন হিসেবে লেখা ছিল, ‘কিং কোহলি’স হোটেল রুম’। কোহলির পুরো রুমের দৃশ্য তুলে ধরা হয় সেখানে।
এই ঘটনায় ক্ষুব্ধ কোহলি সবার গোপনীয়তাকে সম্মান দেখানোর অনুরোধ করেন।
“আমি বুঝতে পারি, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব আনন্দিত ও রোমাঞ্চিত হয় এবং তাদের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ থাকে এবং আমি সবসময় এর প্রশংসা করি। কিন্তু এখানের এই ভিডিও ভয়ঙ্কর। এটা আমাকে উদ্বিগ্ন করছে আমার গোপনীয়তা নিয়ে।”
“আমি যদি আমার নিজের হোটেল রুমেও গোপনীয়তা বজায় রাখতে না পারি, তাহলে আমি আসলেই কোথায় ব্যক্তিগত জায়গা আশা করতে পারি? আমি এই ধরনের অন্ধ আবেগ ও গোপনীয়তায় আক্রমণ মেনে নিতে পারছি না। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদেরকে বিনোদনের পণ্য হিসেবে বিবেচনা করবেন না।”
কোহলির সেই পোস্টে সাড়া দেওয়াদের একজন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান ওই হোটেলকে ট্যাগ করে লেখেন, “এটা খুবই বিব্রতকর, একবারেই অগ্রহণযোগ্য।”
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, এই বিষয়টি আইসিসি কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়াকে এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারতীয় দল। তবে হোটেল কর্তৃপক্ষের কাছে কাণ্ডটির কথা তুলে ধরেছে তারা। বিষয়টি দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হোটেলের পক্ষ থেকে।
অ্যাডিলেইডের উদ্দেশে সোমবার রওনা দেওয়ার কথা ভারতের। আগামী বুধবার সেখানে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
