লিটলের বড় কীর্তি
অস্ট্রেলিয়া আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন আয়ারল্যান্ডের এই পেসার।
প্রথম তিন ওভারে দারুণ বোলিং করলেও উইকেটের দেখা পাননি জশ লিটল। কোটা পূরণ করতে এসে পরপর তিন বলে তিন উইকেট তুলে নিলেন আয়ারল্যান্ডের এই পেসার! উপহার দিলেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক।
অ্যাডিলেইডে শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে এই কীর্তি গড়েন লিটল। তার তিন শিকার ছিলেন কেন উইলিয়ামসন, জেমস নিশাম ও মিচেল স্যান্টনার।
অস্ট্রেলিয়া আসরে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কার্তিক মিয়াপ্পান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের প্রথম বোলার হিসেবে কীর্তিটি গড়েছিলেন এই লেগ স্পিনার।
সব মিলিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এই অর্জনে নাম লেখানো ষষ্ঠ বোলার লিটল। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৪০তম হ্যাটট্রিক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন লিটল। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কার্টিস ক্যাম্পার নিয়েছিলেন চার বলে চার উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ‘ডাবল হ্যাটট্রিক।’
ক্যাম্পার ছাড়াও গত বৈশ্বিক আসরে হ্যাটট্রিক করেন আরও দুইজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে এই কীর্তি গড়েন ভানিন্দু হাসারাঙ্গা। পরে ইংল্যান্ডের সঙ্গে কাগিসো রাবাদা পানও এই স্বাদ। টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা দক্ষিণ আফ্রিকার একমাত্র বোলার তিনি।
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক এসেছে অস্ট্রেলিয়ার গতিময় পেসার ব্রেট লির হাত ধরে। ২০০৭ সালে উদ্বোধনী আসরে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।
লিটল এবার জায়গা করে নিলেন এই তালিকায়। নিজের প্রথম তিন ওভারে স্রেফ ১৯ রান দেন এই পেসার। চতুর্থ ওভারটি করতে আসেন তিনি ইনিংসের শেষ দিকে।
১৯তম ওভারে প্রথম বলে দেন একটি সিঙ্গেল। পরের বলে তার শিকার ফিফটি করা উইলিয়ামসন। লিটলের ব্যাক অব দা লেংথ বলটি পুল করে ব্যাটে-বলে ঠিকঠাক খেলতে পারেননি নিউ জিল্যান্ড অধিনায়ক। স্কয়ার লেগ বাউন্ডারিতে সহজ ক্যাচ নেন গ্যারেথ ডেলানি।
পরের দুটি উইকেটই নেন লিটল প্রায় একই ধরনের বলে। হার্ড লেংথে পিচ করা বলের লাইন মিস করেন নিশাম ও স্যান্টনার। এলবিডব্লিউর হওয়ার পর রিভিউ নিয়ে ব্যর্থ হন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
এর সঙ্গেই হ্যাটট্রিকের আনন্দে মাতেন লিটল। বোলিং শেষ করেন তিনি ৪ ওভারে ২২ রানে ওই তিন উইকেট নিয়ে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড করে ৬ উইকেটে ১৮৫ রান।
