২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে সাকিব-মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ

চতুর্থ দিন বিকেলে এই দুজনের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে শেষ দিনে।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 09:35 PM

Updated : 17 Dec 2022, 09:35 PM

দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর জুটিতে কোনো রকম বিপদ ছাড়াই প্রথম সেশন পার করে বাংলাদেশ। চার দিনে উইকেটশূন্য সেশন এই একটিই। কিন্তু বাকি অংশে এ স্বস্তি ধরে রাখতে পারেনি পরের ব্যাটসম্যানরা। ৬ উইকেট হারিয়ে তাই পরাজয়ের দুয়ারে স্বাগতিকরা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে রোববার শেষ দিনের কঠিন লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। ৪ উইকেট নিয়ে লড়াই কতক্ষণ করা যাবে, সেটিই এখন প্রশ্ন। জয়ের জন্য প্রয়োজনীয় ২৪১ রান তো অনেকটাই নাগালের বাইরে। 

তবু আশা ছাড়তে রাজি নন অভিষেকে সেঞ্চুরি করা জাকির হাসান। দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব ও মেহেদী হাসান মিরাজ মিলে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন বলে বিশ্বাস তার। তবে লক্ষ্য আসলে কী, তা নির্দিষ্ট করেননি বলেননি জাকির। 

“সাকিব ভাই আর মিরাজ যেভাবে ব্যাটিং করছে... আশা করি তারা যদি খেলতে পারে আরও একটু, আমাদের লক্ষ্যেও পৌঁছান সম্ভব।”

ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ১২৪ রান পায় বাংলাদেশ। শান্ত ৬৭ করে আউট হলেও সেঞ্চুরি করেন জাকির। সোয়া ৫ ঘণ্টা ব্যাট করে তার করা ১০০ রানের পরও বাকিদের ব্যর্থতায় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। 

এক পর্যায়ে শঙ্কা জেগেছিল চতুর্থ দিনেই হয়তো গুটিয়ে যাবে স্বাগতিকরা। দিনের ১৪ ওভার বাকি থাকতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন নুরুল হাসান সোহান। এরপর আর বিপদ ঘটতে দেননি সাকিব-মিরাজ। অবিচ্ছিন্ন জুটিতে ৩৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন দুজন।