কেপ টাউন টেস্টে অশ্বিনের বদলে জাদেজাকে চান গাভাস্কার
আগের ম্যাচে অভিষেক হওয়া প্রাসিধ কৃষ্ণাকেও বসিয়ে রাখার পরামর্শ দিলেন ভারতের এই কিংবদন্তি।
সেঞ্চুরিয়ন টেস্টে উড়ে যাওয়া ভারতকে চোখ রাঙাচ্ছে সিরিজ হারের শঙ্কা। সেটা এড়াতে কেপ টাউন টেস্টের একাদশে পরিবর্তন দেখতে চেয়েছেন সুনিল গাভাস্কার। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান আশা করছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলবেন রবীন্দ্র জাদেজা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাত্তাই পায়নি ভারত। তিন দিনেই হেরে যায় তারা ইনিংস ও ৩২ রানে। সমতা ফেরাতে এখন জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে।
পিঠের চোটের জন্য এই ম্যাচে বিবেচনায় ছিলেন না বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজা। একমাত্র স্পিনার হিসেবে খেলে ১৯ ওভার করা অশ্বিন খুব একটা প্রভাব ফেলতে পারেননি। এই অফ স্পিনারের প্রাপ্তি কেবল শেষ দিকে জেরল্ড কুটসিয়ার উইকেট। সব মিলিয়ে ফিট থাকলে জাদেজার একাদশে ফেরা নিশ্চিত বলে মনে করেন গাভাস্কার।
সহায়ক উইকেট পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি অভিষিক্ত পেসার প্রাসিধ কৃষ্ণা। ২০ ওভার করে ৯৩ রান দিয়ে তার শিকার ছিল একটি। তাকেও পরের ম্যাচে বসিয়ে রাখার পরামর্শ দিলেন গাভাস্কার। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে কেপ টাউন টেস্টের ভারত একাদশে দুটি পরিবর্তনের কথা বলেন তিনি।
“(একাদশে) খুব বেশি পরিবর্তন নয়, তবে আমার মনে হয়, জাদেজা একবার ফিট হয়ে গেলে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় সে দলে ফিরে আসবে। আমার কাছে এটাই মনে হচ্ছে, কারণ গত ম্যাচে অশ্বিনকে খুব কমই ব্যবহার করা হয়েছে। আর প্রাসিধ কৃষ্ণার জায়গায় মুকেশ কুমারকে একাদশে এনে নতুন বলের বোলিংয়ে বদল আনা যেতে পারে।”
বাংলাদেশ সময় বুধবার বেলা দুইটায় শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের দ্বিতীয় ও শেষ টেস্ট।
