১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রুটকে ছাড়িয়ে স্মিথের রেকর্ড

টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি আবার নিজের করে নিলেন অস্ট্রেলিয়ান তারকা।

রুটকে ছাড়িয়ে স্মিথের রেকর্ড

ডেভিড বেডিংহ্যামের ক্যাচ নিচ্ছেন স্টিভেন স্মিথ। ছবি: অস্ট্রেলিয়ান মেন’স ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 06:05 PM

Updated : 11 Oct 2026, 06:05 PM

ডেভিড বেডিংহ্যামের ব্যাটের বাইরের কানায় লেগে বল যাচ্ছিল প্রথম স্লিপের দিকে। দ্বিতীয় স্লিপ থেকে বাঁ দিকে ঝাঁপিয়ে সতীর্থের সামনে থেকে ছোঁ মেরে বল মুঠোয় জমালেন স্টিভেন স্মিথ। চোখধাঁধানো সেই ক্যাচে একটি রেকর্ডও গড়লেন অস্ট্রেলিয়ান তারকা।

ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার (কিপার ব্যতিত) এখন আবারও স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে রোববার এই কীর্তি গড়েন তিনি।

নামের পাশে ২১৯ ক্যাচ নিয়ে ম্যাচটি শুরু করেন স্মিথ। তৃতীয় দিন ২৮তম ওভারে টেম্বা বাভুমার ক্যাচটি নিয়ে রুটের (২২০) পাশে বসেন তিনি। ওই ক্যাচটি ছিল তার বিচক্ষণতার প্রমাণ।

স্পিনার ন্যাথান লায়নের বলে বাভুমা রিভার্স সুইপ করবেন বুঝে আগেই ডান দিকে সরে যান স্মিথ। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের শটে ঠিক স্মিথ বরাবর আসে বল। মুঠোয় জমাতে ভুল করেননি দুর্দান্ত ফিল্ডার স্মিথ। ৩ রানে বিদায় নেন বাভুমা।

দুই ওভার পর প্যাট কামিন্সের ওভারে চমৎকার ক্যাচে বেডিংহ্যামকে ফেরান তিনি। ৯ চারে ৪৯ রান করেন বেডিংহ্যাম।

টেস্টে ফিল্ডারদের মধ্যে দুইশ ক্যাচ আছে আরও তিন জনের। ভারতের রাহুল দ্রাবিড়ের ক্যাচ সংখ্যা ২১০টি। শ্রীলঙ্কার মাহেলা জায়াওয়ার্দেনে ক্যাচ নিয়েছেন ২০৫টি। আর দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের ক্যাচ ঠিক ২০০ টি।

আর উইকেটকিপারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের, ৫৩২টি। চারশ ক্যাচও নিতে পারেননি আর কেউ।