২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয়ের ঝড়ো ফিফটি, লিটনের ব্যাটে ১০৬ বলে অপরাজিত ৫৬

শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পর দুই ধরনের দুটি ফিফটি করলেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 06:30 PM

Updated : 22 Apr 2024, 06:30 PM

সময়টা যখন বিরুদ্ধ, কখনও কখনও বদলাতে হয় নিজেকে। চেনা পথ যখন হয়ে ওঠে দুর্গম, বেছে নিতে হয় বিকল্প রাস্তা। লিটন কুমার দাস যেন তেমন কিছুই দেখাতে চাইলেন। ব্যাট হাতে নান্দনিকতার পসরা সাজিয়ে দ্রুততায় ছুটতে ভালোবাসেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরেই তিনি নিজের ছায়া। তাই হয়তো অচেনা থেকেই চেষ্টা করলেন আপন সত্ত্বা ফিরে পাওয়ার। নিয়ন্ত্রণের অদৃশ্য রশিতে নিজেকে আটকে রেখে লড়াই করে এগিয়ে গেলেন ফিফটির পথে।

লিটনের মন্থর ফিফটির দিনে তাওহিদ হৃদয় দেখালেন নিজের ব্যাটের তেজ। তিনি উপহার দিলেন ঝড়ো ফিফটি। তাদের দুজনের দুই রকমের ফিফটির আগে বল হাতে যথারীতি উজ্জ্বল শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সবার সবকিছুর যোগফল-আবাহনীর আরও একটা জয়।

ঢাকা প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য জয়রথে ছুটতে থাকা আবাহনী লিমিটেড ৫ উইকেটে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সুপার লিগের প্রথম ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য ৬৯ বল বাকি থাকতে টপকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

টানা ১২ জয়ে শিরোপা ধরে রাখার আরও কাছে পৌঁছে গেছে আবাহনী। আর দুটি জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। এই পরাজয়ে আনুষ্ঠানিকভাবে শিরোপা দৌড় থেকে ছিটকে গেল প্রাইম ব্যাংক।

১০৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। পাঁচ নম্বরে নামা হৃদয় ৪ চার ও ৫ ছক্কায় ২৭ বলে করেন ৫৫ রান। তবে আবাহনীর জয় তো আগেই সাজিয়ে দিয়েছেন বোলাররাই। ম্যান অব তা ম্যাচ তাই তাদেরই এক প্রতিনিধি। ২৭ রানে ৩ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শরিফুল।

গত ফেব্রুয়ারিতে রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর যেন হাসতে ভুলে গিয়েছিল লিটনের ব্যাট। তিন সংস্করণ মিলিয়ে টানা ১১ ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি। বেশ কিছু ইনিংসে আউট হন বাজে শট খেলে।

অবশেষে প্রায় দুই মাস পর রানের দেখা মিলল লিটনের ব্যাটে। রান তাড়ায় সহজাত ব্যাটিংয়ের সঙ্গে আপোস করে দায়িত্ব নিয়ে এক প্রান্ত আঁকড়ে রাখেন তিনি।

এনামুল হকের সঙ্গে লিটনের উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। পরে দ্বিতীয় উইকেটে শান্ত ও লিটন যোগ করেন ৫২ রান।

এনামুলের পর শান্তও আউট হন সমান ২২ রান করে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেন। একশর আগে তিন উইকেট হারায় আবাহনী।

তাদের জয় নিয়ে অবশ্য সংশয় তেমন একটা জাগেনি। হৃদয় ক্রিজে যাওয়ার পর আরও অনায়াস হয়ে ওঠে তা। দ্বিতীয় বলেই ছক্কা দিয়ে শুরু, পরে হাসান মাহমুদ ও সানজামুল ইসলামের পরপর দুই ওভারে একটি করে চার ও ছক্কা মারেন তিনি। শেখ মেহেদি হাসানের পরপর দুই বল পাঠান সীমানার ওপারে।

হৃদয় যখন ক্রিজে যান, লিটন তখন ৪৫ রানে অপরাজি। তাকে ৪৮ রানে রেখেই হৃদয় পঞ্চাশ পূর্ণ করে ফেলেন স্রেফ ২৩ বল খেলে।

নাজমুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে থামে তার বিনোদনদায়ী ইনিংস। চলতি লিগের চারবার ব্যাটিংয়ে নেমে তিনটিতেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। এর একটিকে নিয়ে গেছেন শতরানে।

হৃদয়ের বিদায়ের পর জাকের আলি বেশিক্ষণ টিকতে পারেননি। তানভির ইসলামকে নিয়ে ম্যাচ শেষ করেন লিটন।

সকালে টস হেরে ব্যাট করতে নেমে চরম বিপদে পড়ে যায় প্রাইম ব্যাংক। স্রেফ পাঁচ রানের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

ম্যাচের তৃতীয় বলে শরিফুলের আউটসুইং ডেলিভারিতে আগেই ব্যাট চালিয়ে মিড অফে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। এখনও পর্যন্ত লিগের সর্বোচ্চ রান স্কোরার এই ম্যাচে রানের দেখাই পাননি।

পরের ওভারে শাহাদাত হোসেনকে ফেরান শরিফুল। তাসকিনের শিকার হন অভিজ্ঞ তামিম।

চরম চাপে পড়া দলকে উদ্ধারের চেষ্টা করেন জাকির হাসান ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ১১২ রানের জুটি।

তানভিরের বলে সুইপ করার চেষ্টায় এলবিডব্লিউ হন মুশফিক। ৫ চারে ৬৫ বলে ৪৪ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

এরপর জাকিরও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। চলতি লিগে দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৬৮ রান করে ফেরেন তিনি। ৭০ বলে ৮ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। 

পরের ব্যাটসম্যানদের কেউই আর হাল ধরতে পারেননি। ছক্কায় শুরুর পর মোহাম্মদ মিঠুন আউট হন আর ছয় রান যোগ করেই। শেখ মেহেদী হাসান, সানজামুল ইসলামরাও পারেননি ভালো কিছু করতে। প্রাইম ব্যাংক তাই পারেনি ১৮০ ছুঁতেও। তাদের ইনিংস শেষ ৪০ ওভারের আগেই।

এই রান নিয়ে তো আর আবাহনীকে পরীক্ষায় ফেলা যায় না!

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৯.৩ ওভারে ১৭৮ (তামিম ১, পারভেজ ০, শাহাদাত ৪, জাকির ৬৮, মুশফিক ৪৪, মিঠুন ১২, মেহেদি ১৮, সানজামুল ০, আশিকুর ৫, হাসান ১৪, নাজমুল ৭*; শরিফুল ৮-০-২৭-৩, তাসকিন ৭.৩-১-৩৪-২, সাইফ উদ্দিন ৬.৪-০-২৯-১, তানভির ১০-০-৪৮-২, মোসাদ্দেক ৭-১-৩৪-২, শান্ত ০.২-০-৬-০)

আবাহনী লিমিটেড: ৩৮.৩ ওভারে ১৮৩/৫ (এনামুল ২২, লিটন ৫৬*, শান্ত ২২, আফিফ ৪, হৃদয় ৫৫, জাকের ১২, তানভির ৮*; হাসান ৫-০-৩০-০, আশিকুর ২-০-৭-০, সানজামুল ১০-০-৪৭-২, মেহেদি ১০-২-৪৩-১, জাকির ১-০-১-০, পারভেজ ০.৩-০-৬-০)

ফল: আবাহনী লিমিটেড ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শরিফুল ইসলাম