হৃদয়ের আঙুলে ৮ সেলাই
দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানকে দুই সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
তৌহিদ হৃদয়ের সুসময়ের পালে হঠাৎই হতাশার হাওয়া। এবারের বিপিএলে ব্যাট হাতে অসাধারণ ফর্মে থাকা ব্যাটসম্যান মাঠের বাইরে ছিটকে গেলেন ফিল্ডিংয়ে চোট পেয়ে। সিলেট স্ট্রাইকার্সের তরুণ এই ব্যাটসম্যানের আঙুলে সেলাই পড়েছে ৮টি। আপাতত তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সিলেটের হয়ে মঙ্গলবার রাতে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচে এই চোট পান তৌহিদ। ইনিংসের দ্বাদশ ওভারে তিনি ফিল্ডিং করছিলেন পয়েন্টে। রেজাউর রহমান রাজা অফ স্টাম্পের বাইরের একটি শর্ট বলে কাট করেন নাসির হোসেন। বল তীব্র গতিতে ক্যাচ যায় পয়েন্টে।
ফিল্ডার হৃদয় বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি। বল তার আঙুলে ছোবল দিয়ে ছুটে যায় বাউন্ডারিতে। তার মুখে যন্ত্রণার ছাপ পড়ে তাৎক্ষনিক। মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে হাত। তখনই তিনি মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে।
পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। রাত সোয়া একটায় সিলেট দলের পক্ষ থেকে জানানো হয় তার হাতে ৮ সেলাই পড়ার খবর।
এই ম্যাচে ক্যারিয়ারের সেরা ব্যাটিংয়ে ৪৬ বলে ৮৪ রান করে ম্যান অব দা ম্যাচ হন তিনি। আগের ম্যাচগুলিরই ধারাবাহিকতা ছিল এ দিনের পারফরম্যান্স। টানা তিন ম্যাচে তিনি হলেন ম্যাচ সেরা।
সিলেটের হয়ে এবার প্রথম ম্যাচে তিনি ব্যাটিং পাননি। পরের ম্যাচে প্রথম বিপিএল ফিফটি করেন ৩০ বলে। এর পরের ম্যাচে খেলেন ৩৭ বলে ৫৬ রানের ইনিংস।
সব মিলিয়ে ৬৫ গড়ে ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান তার। ২২ বছর বয়সী ব্যাটসম্যানের এই দুর্দান্ত পথচলায় হঠাৎই আততায়ী হয়ে এলো এই চোট।
