২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক সঙ্কটে দেশে ফিরলেন লিটন

শুক্রবার সকালে আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন লিটন দাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 04:55 PM

Updated : 28 Apr 2023, 05:17 PM

জরুরি পারিবারিক কারণে হঠাৎই আইপিএল ছেড়ে দেশে ফিরতে হলো লিটন দাসকে। শুক্রবার সকালে কলকাতা নাইট রাইডার্স শিবির ছেড়ে এসেছেন বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান।

কলকাতা ফ্র্যাঞ্চাইজি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।

“পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কারণে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের সঙ্গে সবসময় আমাদের শুভকামনা থাকবে।”

তাৎক্ষণিকভাবে লিটনের পরিবারের সঙ্কটের ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যায়নি।

কলকাতার হয়ে প্রথমবার আইপিএল খেলতে গত ৯ এপ্রিল ভারতে যান লিটন। দুই ম্যাচ বাইরে থাকার পর দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ২০ এপ্রিলের ম্যাচে আইপিএল অভিষেক হয় তার।

জেসন রয়ের সঙ্গে ইনিংস সূচনা করতে নেমে প্রথম বলেই চার মারেন বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান। কিন্তু ওই চারের পর আর এগোয়নি লিটনের ইনিংস। চার বলে ৪ রান করে আউট হন তিনি।

পরে কিপিংয়েও হতাশার দিন কাটে লিটনের। দিল্লির রান তাড়ার শেষ দিকে দুটি স্টাম্পিংয়ের সুযোগ তিনি হাতছাড়া করেন। যা নিতে পারলে হয়তো ম্যাচের ফল আসত কলকাতার পক্ষে।

ওই ম্যাচের পর একাদশে জায়গা হারান লিটন। তাকে একাদশের বাইরে রেখেই চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে খেলে কলকাতা। দুই ম্যাচেই ইমপ্যাক্ট ক্রিকেটারের তালিকায় থাকলেও মাঠে নামার সুযোগ পাননি লিটন।