২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেহারা দেখে নয়, পারফরম্যান্সের কারণে’ বাদ আফিফ

দলে ফিরতে হলে কী করতে হবে, আফিফ হোসেনকে তা জানিয়ে দিয়েছেন বলে জানালেন কোচ হাথুরুসিংহে।   

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 12:29 PM

Updated : 26 Mar 2023, 03:08 PM

নির্বাচকদের কথায় ছিল ধোঁয়াশা, বিশ্রাম নাকি বাদ! চান্দিকা হাথুরুসিংহে তা পরিষ্কার করে দিলেন। আফিফ হোসেনকে জাতীয় দল থেকে বাদ দেওয়াই হয়েছে এবং তা পারফরম্যান্সের কারণেই। ফিরতে হলে কী করতে হবে, সেটিও তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ কোচ। 

সিলেটে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের স্কোয়াড থেকে আফিফকে বাইরে রাখা হয় শুরুতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তখন বলেছিলেন, একাদশে জায়গা নেই বলে বসিয়ে না রেখে ঢাকা লিগের ম্যাচ খেলতে পাঠানো হয়েছে তাকে। পরে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। 

টি-টোয়েন্টিতে গত দুই বছর তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্দ অংশ। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তিনি একাদশে জায়গা পাননি। এবার জায়গা হারালেন স্কোয়াডেও। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আফিফের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে হাথুরুসিংহে জানিয়ে দিলেন তার জায়গা ফিরে পাওয়ার সম্ভাব্য পথরেখা। 

“এই মুহূর্তে সে দলের বাইরে। (দলে ফিরতে হলে) অন্য যে কারও ক্ষেত্রে যা প্রযোজ্য, তাকেও তা করতে হবে, রান করা (ঘরোয়া ক্রিকেটে)। আমি তার সঙ্গে কথা বলেছি, কোন কোন জায়গায় উন্নতি করত হবে। সে যদি তা করতে পারে এবং দলে জায়গা খালি থাকে, তাহলে তাকে অন্য সবার মতোই বিবেচনা করা হবে।” 

সম্পূরক প্রশ্নও উঠে এলো সঙ্গে সঙ্গেই। তাহলে কি পারফরম্যান্সের কারণেই বাদ আফিফ? কোনো রাখঢাক না রেখে কোচ উত্তর দিলেন সরাসরিই। 

“অবশ্যই… তার চেহারার কারণে নয়, পারফরম্যান্সের কারণেই। যে কেউ দলে আসে বা বাইরে যায় পারফরম্যান্সের কারণেই, পাশাপাশি কখনও কখনও যদি ট্যাকটিকালি ভিন্ন কিছু করার পরিকল্পনা থাকে এবং ভিন্ন কাউকে দেখার ভাবনা থাকে, সেটিও কারণ মাঝেমধ্যে।” 

গত সেপ্টেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৫ বলে ৭৭ রানের ইনিংসের পর এই সংস্করণে টানা ১২ ইনিংসের ফিফটির দেখা পাননি আফিফ। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হোবার্টে ২৭ বলে ৩৮ রানের ইনিংসটি ছাড়া নেই বলার মতো কার্যকর আর কোনো ইনিংস। 

জাতীয় দল থেকে বাদ পড়ে আফিফ খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। গত বুধবার আবাহনী লিমিটেডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দলের জয়ে খেলেন ৪১ বলে ৪৯ রানের ইনিংস।