‘ক্রিকেট ও খেলাধুলার প্রতি খালিদীর অনুরাগ ছিল সুস্পষ্ট’, বিসিবির শোকবার্তা
‘খেলাধুলার ব্যাপক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে জনাব খালিদীর অবদানকে বিসিবি স্বীকৃতি জানায়।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলাধুলার ‘ব্যাপক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে’ তার অবদানকে সম্মান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকাবার্তায় বিসিবি বলেছে, “দীর্ঘ ও সফল কর্মজীবনে বাংলাদেশে পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই বিশিষ্ট সাংবাদিক। নির্ভুলতা, নিরপেক্ষতা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের প্রতি অঙ্গীকার তাকে সহকর্মী ও পাঠক উভয়ের কাছেই শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।”
দেশের আধুনিক সাংবাদিকতার পথচলায় এবং ক্রিকেট ও খেলাধুলার সংবাদের প্রতি তার অবদানের কথাও তুলে ধরেছে বিসিবি।
“তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের ডিজিটাল মিডিয়া যুগে উত্তরণ এবং বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক সাংবাদিকতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
ক্রীড়া সাংবাদিকতার প্রতি তার গুরুত্বারোপের মাধ্যমেই ক্রিকেট ও খেলাধুলার প্রতি জনাব খালিদীর অনুরাগ ছিল সুস্পষ্ট। খেলাধুলার ব্যাপক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে তার অবদানকে বিসিবি স্বীকৃতি জানায়। এই কঠিন সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক শোক প্রকাশ করছে বিসিবি।”
২০ বছর ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বে থাকা তৌফিক ইমরোজ খালিদী ব্যক্তিগত সফরে ছিলেন লন্ডনে। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
