২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভালো শুরুর পর থামলেন মেহেদি, সাকিবের মন্থর ইনিংস

নেপাল প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে দুজনের কেউই অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি।

ভালো শুরুর পর থামলেন মেহেদি, সাকিবের মন্থর ইনিংস

৩২ রান করেছেন শেখ মেহেদি হাসান (বাঁয়ে)। ছবি: পোখারা অ্যাভেঞ্জার্স ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 07:26 PM

Updated : 28 Oct 2026, 08:13 PM

দেশের বাইরের লিগে অভিষেকে ব্যাট হাতে ভালো শুরু পেলেও, ইনিংসটা বড় করতে পারলেন না শেখ মেহেদি হাসান। মন্থর ব্যাটিংয়ে দুই অঙ্কে যেতেই থামলেন অভিজ্ঞ সাকিব আল হাসান।

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলছেন সাকিব ও মেহেদি। সুদুর পাশ্চিম রয়্যালসের বিপক্ষে বুধবার ২১ বলে ৩২ রান করেন মেহেদি। একটি ছক্কা ও চারটি চার মারেন তিনি।

চার নম্বরে নেমে ১৬ বলে খেলে ১৪ রান করেন সাকিব। তার ব্যাট থেকে আসে একটি চার।

কীর্তিপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা পোখারার হয়ে ইনিংস শুরু করেন মেহেদি। প্রথম ৬ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। স্কট কুগেলাইনের ওভারে প্রথম বাউন্ডারির দেখা পান ডানহাতি ব্যাটসম্যান।

নিউ জিল্যান্ড পেসারের পরের ওভারে একটি করে চার ও ছক্কা হাঁকান মেহেদি। পাওয়ার প্লের শেষ ওভারে আনিল খারেলকে টানা দুই চার মারার পর ক্যাচ আউট হন তিনি।

মেহেদির বিদায়ের পর ক্রিজে যান সাকিব। মন্থর শুরু করেন তিনি, প্রথম ৯ বলে করেন ৫ রান। মুখোমুখি দশম বলে ইনিংসের একমাত্র বাউন্ডারিটি মারেন বাঁহাতি ব্যাটসম্যান।

নেপালের বাঁহাতি স্পিনার খারেলের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাকিবও, একাদশ ওভারে।