২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতিখার-ফাখারদের অনিশ্চয়তার মধ্যে বিপিএলে আসছেন বাবর-রিজওয়ান

পিএসএল শুরুর আগে অবশ্য দেশে ফিরে যাবেন পাকিস্তানি ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 07:06 PM

Updated : 23 Jan 2024, 02:55 PM

পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র ঘিরে অনিশ্চয়তার মাঝে বিপিএল খেলতে আসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সোমবার রাতে নিজ নিজ দলে যোগ দেওয়ার কথা পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যানের। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন বাবর ও রিজওয়ান। রাত ১১টা নাগাদ রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। 

গত ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব হারানো বাবর বিপিএলে আগে খেলেছেন একবারই। ২০১৭ সালে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি সিলেট সিক্সার্সের হয়ে। এবার তাকে নিয়েছে রংপুর রাইডার্স। 

গত আসরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন রিজওয়ান। দুজনকেই আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি। 

আগামী ১৭ ফেব্রুয়ারি শুরুর কথা পিএসএলের নতুন আসর। তার আগে ১২ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু করবে দলগুলো। অনুশীলন ক্যাম্পে উপস্থিত থাকার জন্য এক সপ্তাহ আগেই পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশনা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিন জানান, নির্ধারিত সময় শেষে আরও কিছু দিন বাবরকে রাখার চেষ্টা করবেন তারা। 

"বাবর আজম আজকে রাতে আসছে আমাদের দলে। কালকের ম্যাচ থেকেই খেলতে পারবে সে। আপাতত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আছে তার অনুমতি। তবে আমরা আরও কিছু দিন বাড়ানোর চেষ্টা করছি।" 

২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে পাঁচ ম্যাচের চার ইনিংস খেলে তার রান ছিল ৫ বলে ২, ৩২ বলে ৪১, ৩৭ বলে ৫৪ ও ১৯ বলে ২০। 

বাবরের মতো রিজওয়ানকেও ১০ ফেব্রুয়ারি পর্যন্তই পাচ্ছে কুমিল্লা। গত আসরে ১০ ইনিংসে ৪ ফিফটিতে ৩৫১ রান করেন রিজওয়ান। এর আগে ২০১৭ সালে সিলেট সিক্সার্সের জার্সিতে ২টি ম্যাচ খেলেন তিনি। 

রিজওয়ানের দলেই নাম লেখানো ইফতিখার আহমেদ এখনও আসতে পারেননি অনাপত্তিপত্রের জটিলতায়। পিসিবির নিয়ম অনুযায়ী, এক জুলাই থেকে আরেক জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ দুটি বিদেশি লিগ খেলতে পারবেন দেশটির ক্রিকেটাররা। 

২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দুটি বিদেশি লিগ (লঙ্কা প্রিমিয়ার লিগ ও গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা) খেলে ফেলেছেন ইফতিখার। তাই বিপিএলের জন্য এখনও অনাপত্তিপত্র পাননি এই অলরাউন্ডার। টুর্নামেন্টে তাকে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছে কুমিল্লা।  

একই অবস্থায় দুর্দান্ত ঢাকার তরুণ ওপেনার সাইম আইয়ুব। তাকেও আর পাওয়ার আশা রাখছে না ফ্র্যাঞ্চাইজিটি। 

অনাপত্তিপত্রের জটিলতায় ভুগছে ফরচুন বরিশালও। তাদের দুই পাকিস্তানি ক্রিকেটার ফাখার জামান ও আব্বাস আফ্রিদিকেও অনাপত্তিপত্র দেয়নি পিসিবি।  

অনাপত্তিপত্র বিষয়ক অনিশ্চয়তা আছে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামারও। টুর্নামেন্টের শুরু থেকেই ঢাকায় কুসাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলার কথা ছিল সামারাউইক্রামার।  

কিন্তু আগামী ২ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তাই এই দুই ক্রিকেটারকে এখনও অনাপত্তিপত্র দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। তবে ঢাকা ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি এখনই তাদের আশা ছাড়ছে না।