শ্রীলঙ্কার সামনে নেপাল, ভারত পেল আফগানিস্তানকে
এশিয়ান গেমস ক্রিকেট থেকে জাপানের বিদায়, ‘এ’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে নেপাল।
জাপানে সামনে অপেক্ষা করছিল কঠিন রান তাড়ার চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় তারা কেমন করত, জানতেই দিল না বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিশ্চিত হয়ে গেল নেপালের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এশিয়ান গেমস ক্রিকেটে ‘এ’ গ্রুপের শীর্ষ দলটি কোয়ার্টার-ফাইনালে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।
আগের দিন নেপালের কাছে হেরে যাওয়া আফগানিস্তান হয়েছে গ্রুপ রানার্স-আপ। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফেভারিট ভারত।
জাপানের আইচির নিশিনে শনিবার জাপান ও নেপালের ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ১৫ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা নেপাল তোলে ৪ উইকেটে ১৪৯ রান।
ওপেনিংয়ে কুশাল ভুর্তেল ৪ রানে আউট হলেও দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন আসিফ শেখ ও সান্দিপ জোরা। কিপার-ব্যাটার আসিফ ফেরেন ১৫ বলে ২১ রান করে।
এরপর কুশাল মাল্লা (২) ও গুলশান ঝা (২) বিদায় নেন দ্রুতই। তাতে একটু বিপাকে পড়ে যায় নেপাল। তবে সান্দিপ ও লোকেশ বাম ৫ ওভারে ৬৫ রানের জুটিতে দলকে নিয়ে যান দেড়শর কাছে।
৩২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন সান্দিপ। ছয়টি ছক্কায় ২২ বলে অপরাজিত ৫২ রান করেন লোকেশ।
বৃষ্টির কারণে জাপান রান তাড়ায় নামতেই পারেনি।
আগের দিন দারুণ পারফরম্যান্সে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল নেপাল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার খেলবে তারা শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানরা এই আসরে মূল জাতীয় দল পাঠায়নি। পূর্ণশক্তির দল নিয়ে যাওয়া নেপালের তাই সম্ভাবনা আছে যথেষ্টই।
গ্রুপের প্রথম ম্যাচে জাপানকে ৪৮ রানে হারানো আফগানিস্তান সেমি-ফাইনালে ওঠার চেষ্টায় সোমবার নামবে ভারতের বিপক্ষে। তবে গত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত খেলছে পূর্ণ শক্তির দল নিয়ে। দ্বিতীয় সারির দল নিয়ে যাওয়া আফগানদের সম্ভাবনা তাই সামান্যই।
