২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহিদুলের ৫ রানের আক্ষেপ, বিফলে ইয়াসিরের ঝড়ো ফিফটি

দারুণ ব্যাটিংয়ের পর ৫ রানের জন্য সেঞ্চুরি না পেলেও শেষ পর্যন্ত জিতেছে মাহিদুলের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 08:00 PM

Updated : 24 Dec 2023, 08:00 PM

সৈয়দ খালেদ আহমেদ বল করলেন রাউন্ড দা উইকেটে। উদ্দেশ্য, ব্যাটসম্যান যাতে হাত খোলার জায়গা যথেষ্ট না পান। তাতে কাজ হলো। শাফল করে উড়িয়ে মারতে গিয়ে জোর পেলেন না মাহিদুল ইসলাম অঙ্কন। সহজ ক্যাচ গেল লং অনে। হতাশায় মাথা নিচু করে ফেরার পথ ধরলেন তিনি। ক্রিজে থাকা সতীর্থ শুভাগত হোম, প্রতিপক্ষের কিপার ইরফান শুক্কুর এসে পিঠ চাপড়ে দিলেন মাহিদুলের। কিন্তু ৫ রানের জন্য সেঞ্চুরি হারালে কী আর তাৎক্ষনিক হতাশাটা কমে!

তবে মাহিদুলের আক্ষেপ কমে যেতে পারে দিন শেষে। তার দল যে ম্যাচ জিতেছে! বিফলে গেছে ইয়াসির আলি চৌধুরির লড়াই।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের সংস্করণে নতুন মৌসুমের প্রথম দিনে পূর্বাঞ্চলকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৩ রানে হারিয়েছে মধ্যাঞ্চল।

কক্সবাজারে রোববার মধ্যাঞ্চল ৫০ ওভারে তোলে ২৮৮ রান। মাহিদুল ৮৬ বলে ৯৫ করেন ৬ চার ও ৪ ছক্কা। অভিজ্ঞ নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৫৫।

রান তাড়ায় পূর্বাঞ্চল ৪৭ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচের ফল নির্ধারিত হয় ডিএলএস পদ্ধতিতে।

পূর্বাঞ্চলের ইয়াসির ৬ ছক্কায় ৫২ বলে করেন ৬৭।

টস হেরে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চলের ওপেনার সাদমান ইসলাম ফেরেন ১২ রান করে। এরপর মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান অর্ধশত রানের জুটি গড়লেও রান খুব গতিময় ছিল না। দুজনর কেউ ইনিংস বড় করতেও পারেননি।

২৮ রান করতে ৫০ বল খেলেন সাইফ। ৪ চার ও ২ ছক্কায় নাঈম শখের ৪৮ রান আসে ৬৭ বলে।

দলের ইনিংস গতিময় হয় পরের জুটিতে। ২২.৩ ওভারে ১৩৯ রানের জুটি গড়েন নাঈম ইসলাম ও মাহিদুল।

৩টি করে চার ও ছক্কায় ৫৭ রান করে নাসুম আহমেদের শর্ট বল পুল করে সীমানায় ধরা পড়েন নাঈম। একটু পর মাহিদুলের ওই আউট। তখনও বাকি ছিল ইনিংসের ২৩ বল। তবে নিজের শতরানের কথা না ভেবে দলের জন্য বড় শট খেলার চেষ্টাই করেন মাহিদুল।

এরপর শুভাগত হোমের ১২ বলে ১৬ ও আরিফুল ইসলামের ১৬ বলে ২৩ রানের ইনিংসে শেষটাও মোটামুটি ভালো করে মধ্যাঞ্চল।

রান তাড়ায় পূর্বাঞ্চলের ওপেনার পারভেজ হোসেন ইমন রান আউট হয়ে যান ৪ রানে। টপ ও মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানরা রানের দেখা পান বটে। তবে কেউই পারেননি বড় ইনিংস খেলতে। ৪৮ বলে ৩৮ করে ফেরেন জাকির হাসান, ২১ রানে শাহাদাত হোসেন। অভিজ্ঞ মুমিনুল হক বিদায় নেন ৬১ বলে ৪৭ করে। একটি করে ছক্কা ও চারের পরও মাহমুদুল হাসান জয়ের ২৪ রান আসে ৫১ বলে।

পূর্বাঞ্চলকে লড়াইয়ে ফেরান ইয়াসির ও ইরফান শুক্কুর। তবে প্রয়োজন ছিল শেষ পর্যন্ত থাকা, যা পারেননি কেউই। ২০ বলে ২৭ করে আউট হন ইরফান । ৬ ছক্কায় ইয়াসিরের বিনোদনদায়ী ইনিংস থামে ৬৭ রানে। এরপর লোয়ার অর্ডাররা পারেননি ভালো কিছু করতে। 

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল: ৫০ ওভারে ২৮৮/৭ (নাঈম শেখ ৪৮, সাদমান ১২, সাইফ ২৮, নাঈম ইসলাম ৫৫, মাহিদুল ৯৫, শুভাগত ১৬, আরিফুল ২৩*, আবু হায়দার ০, রিপন ১*; খালেদ ১০-০-৬৯-৩, নাসুম ১০-১-৪৬-১, মাহমুদুল ৯-৩-২১-১, রেজাউর ১০-১-৬৩-২, মেহেদি ৯-০-৬০-০, মুমিনুল ২-০-২৩-০)।

পূর্বাঞ্চল : ৪৭ ওভারে ২৫৭/৯ (পারভেজ ৪, জাকির ৩৮, শাহাদাত ২১, মুমিনুল ৪৭, মাহমুদুল ২৪, ইয়াসির ৬৭, ইরফান ২৭, নাসুম ৮, রেজাউর ১, খালেদ ১৩*, মেহেদি ৩*; শুভাগত ৯-০-৫০-১, রিপন ৯-০-৫৭-২, নাজমুল অপু ১০-১-৫২-২, সাইফ ৬-০-৩০-১, আবু হায়দার ১০-১-৪২-১, জেহাদুল ৩-০-২৬-১)।

ফল: মধ্যাঞ্চল ডিএলএস পদ্ধতিতে ২৩ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মাহিদুল ইসলাম।